ওয়েব ডেস্ক : ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত পাকিস্তানি সিরিজ ‘জো বাচায় হ্যায় সঙ্গ সমেট লো’ (Jo Bachay Hain Sang Samait Lo) ভারতে মুক্তি পাবে না। নেটফ্লিক্সের (Netflix) আসন্ন এই সিরিজ ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে ওটিটি সংস্থাটি। ৪ ডিসেম্বর ২০২৬ থেকে বিশ্বজুড়ে সিরিজটি মুক্তি পাওয়ার কথা। তবে ভারতীয় দর্শকরা নেটফ্লিক্সে এটি দেখতে পারবেন না।
সূত্রের খবর অনুযায়ী, সিরিজটি আর নেটফ্লিক্সের ভারতীয় প্ল্যাটফর্মের আসন্ন অনুষ্ঠানের তালিকাতেও রাখা হচ্ছে না। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে সংস্থাটি। ২০২৫ সালের মে মাসে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের জারি করা নির্দেশিকার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
আরও খবর : মাকে হারালেন জনপ্রিয় সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা তৈরি হলে ২০২৫ সালের ৮ মে কেন্দ্রীয় সরকার ওটিটি প্ল্যাটফর্ম ও ডিজিটাল পরিষেবাগুলিকে পাকিস্তানি উৎসের ওয়েব সিরিজ, সিনেমা, গান, পডকাস্ট-সহ বিভিন্ন কনটেন্ট সম্প্রচার বন্ধ করার পরামর্শ দিয়েছিল। জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করেই এই নির্দেশিকা জারি করা হয়। সম্প্রতি নেটফ্লিক্সকেও সেই অবস্থান মেনে চলার কথা মনে করিয়ে দিয়েছে মন্ত্রক।
গত ২৪ নভেম্বর সিরিজটির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই ভারতে আপত্তি উঠতে শুরু করে। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এবং ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ—দুই সংগঠনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি দিয়ে ভারতে সিরিজটির সম্প্রচার বন্ধ করার আবেদন জানায়। ফেডারেশন হুঁশিয়ারি দিয়েছে, ৫ ডিসেম্বর থেকে নেটফ্লিক্সের ভারতীয় প্রযোজনায় যুক্ত সদস্যদের সরিয়ে নেওয়া হতে পারে, যদি সংস্থাটি ভারতে সিরিজটি মুক্তির সিদ্ধান্ত নেয়। অন্যদিকে, সিরিজে পাকিস্তানি অভিনেতাদের উপস্থিতি নিয়েও আপত্তি জানিয়েছে এআইসিডব্লিউএ।
পাকিস্তানি লেখক ফারহাত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এই রোমান্টিক ড্রামা। পরিচালক ও প্রযোজক মোমিনা দুরাইদের এই সিরিজে তিন প্রজন্মের ছয়টি প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। অভিনয়ে রয়েছেন ফাওয়াদ খান, মাহিরা খান, হানিয়া আমির, আহাদ রাজা মীর, সনম সঈদ, ইকরা আজিজ এবং হামজা আলি আব্বাসি। এটি নেটফ্লিক্সের প্রথম অরিজিনাল পাকিস্তানি সিরিজ। বিশ্বজুড়ে মুক্তি পেলেও ভারতের দর্শকদের জন্য আপাতত বন্ধ থাকছে এই সিরিজের দরজা।







