ওয়েব ডেস্ক : পণের দাবিতে শেষ পর্যন্ত বিয়ে ভেঙে দিলেন কনের পরিবারের সদস্যরা। উত্তরপ্রদেশের (Uttarpradesh) মেরঠের জ্ঞানপুর গ্রামে ঘটেছে এই ঘটনা। অভিযোগ, বিয়ের আগে পাত্রপক্ষের তরফে গাড়ি দাবি করা হয়েছিল। তার প্রতিবাদে পাত্রের বাবার হাতে একটি প্লাস্টিকের খেলনা গাড়ি তুলে দেন কনের পরিবারের সদস্যরা। একই সঙ্গে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, এই বিয়ে আর হবে না। ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, প্রায় পাঁচ মাস আগে জ্ঞানপুরের বাসিন্দা শামশেরের ছেলের সঙ্গে সলোনা গ্রামের এক তরুণীর বিয়ে ঠিক হয়েছিল। বিয়ের কথাবার্তার সময় পাত্রপক্ষকে নগদ এক লক্ষ টাকা-সহ বিভিন্ন সামগ্রী দিয়েছিল কনের পরিবার। শনিবার কনের বাড়িতে ‘লাল খত’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই রীতিতে বিয়ের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয় পাত্রপক্ষকে।
আরও খবর : আসন পুনর্বিন্যাস নিয়ে কংগ্রেসের সঙ্গে বৈঠক, তবুও অবস্থান বদলাল না স্ট্যালিনের দল
অভিযোগ, কয়েক দিন আগে কনের পরিবার জমির একটি অংশ বিক্রি করে। সেই খবর জানার পর পাত্রপক্ষ গাড়ি দাবি করে। বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা হলেও সমস্যার সমাধান হয়নি। এরপর শনিবারের অনুষ্ঠানে পাত্রপক্ষকে আমন্ত্রণ জানানো হয়। সকাল থেকে রাত প্রায় ১০টা পর্যন্ত তাঁদের অপেক্ষা করানো হয়।
এরপর পাত্রের বাবার হাতে একটি প্লাস্টিকের খেলনা গাড়ি তুলে দেন কনের পরিবারের সদস্যরা। ভিডিয়োয় এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “আপনাদের মানুষ নয়, গাড়ি দরকার ছিল। এই নিন স্করপিও, এ বার চালিয়ে নিয়ে যান।” একই সঙ্গে তিনি জানান, বাগদানের সম্পর্ক ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং বিয়ে বাতিল করা হল।







