ওয়েব ডেস্ক : বুধবার রাতে শুটিং শেষ করে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় (Joyjit Banerjee )। পরে বন্ধুর গাড়িতে চেপে ফেরার সময় টালিগঞ্জের করুণাময়ী এলাকায় আচমকাই দুর্ঘটনা কবলে পড়েন তিনি। একটি লরির সঙ্গে তাঁর গাড়ির সংঘর্ষ (Car accident) হয় বলে জানা গিয়েছে।
ধাক্কার জেরে গাড়ির একাংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। তবে সবচেয়ে স্বস্তির খবর, দুর্ঘটনার সময় গাড়িতে থাকা জয়জিৎ (Joyjit Banerjee ) এবং চালক দু’জনেই নিরাপদে রয়েছেন। অভিনেতা জানিয়েছেন, তিনি গাড়ির পিছনের আসনে বসেছিলেন বলেই সম্ভবত বড় চোট থেকে রক্ষা পেয়েছেন।
আরও খবর : ‘আমার যৌবন, বেডরুম নিয়ে স্বপ্ন দেখা বন্ধ করুন’, রামদেবকে পাল্টা তোপ কঙ্গনার
দুর্ঘটনার পর জয়জিৎ নিজেই পুলিশকে বিষয়টি জানান এবং কাছের একটি পুলিশ বুথেও যান। তাঁর অভিযোগ, ঘটনার পর পুলিশের তরফে তেমন তৎপরতা দেখা যায়নি। যদিও দুর্ঘটনায় তিনি নিজে কোনও গুরুতর আঘাত পাননি বলে জানিয়েছেন।
বর্তমানে ‘তিলোত্তমা’ ধারাবাহিকে অভিনয় করছেন জয়জিৎ (Joyjit Banerjee )। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শুটিং সেটে উদ্বেগ তৈরি হয়। তবে অভিনেতা নিজেই সকলকে আশ্বস্ত করেছেন যে তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। বৃহস্পতিবারও নির্ধারিত শুটিংয়ে যোগ দেওয়ার কথা তাঁর।







