ওয়েব ডেস্ক : অগাস্টের শেষে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়তে চলেছেন ক্যারোলিন লেভিট (Karoline Leavitt)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোগীদের অন্যতম হিসেবে পরিচিত ২৮ বছরের লেভিট জানিয়েছেন, দুই সন্তান ও পরিবারের জন্য আরও সময় দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন।
চলতি বছরের মে মাসে দ্বিতীয় সন্তানের জন্মের পর মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন লেভিট (Karoline Leavitt)। গত ১৬ জুলাই ফের হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং রুমে ফিরেছিলেন তিনি। কিন্তু কাজে ফেরার পর বুঝতে পারেন, দুই ছোট সন্তানকে সময় দেওয়ার পাশাপাশি হোয়াইট হাউসের অত্যন্ত কঠিন ও সময়সাপেক্ষ দায়িত্ব সামলানো তাঁর পক্ষে কঠিন হয়ে পড়ছে।
আরও খবর : ইউটিউবের মনিটাইজেশনে বড় ধাক্কা! টাকা পেতে এবার দ্বিগুণ টার্গেট, নতুনদের সামনে কঠিন পরীক্ষা
লেভিট (Karoline Leavitt) জানিয়েছেন, মা হওয়া এবং একইসঙ্গে বিশ্বের অন্যতম কঠিন সরকারি পদে কাজ করা তাঁর জীবনের অন্যতম কঠিন সময়। দুই সন্তানকে যে সময়, শক্তি ও মনোযোগ দেওয়া প্রয়োজন, তা প্রেস সেক্রেটারির দায়িত্বের সঙ্গে সামঞ্জস্য করা সম্ভব হচ্ছে না বলেই মনে হয়েছে তাঁর। তাই পরিবারের কথা মাথায় রেখে পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
লেভিটের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লেভিটকে তাঁর অন্যতম বিশ্বস্ত সহযোগী হিসেবে উল্লেখ করেছেন এবং হোয়াইট হাউসে তাঁর কাজের প্রশংসা করেছেন। তবে প্রশাসন থেকে সরে গেলেও পুরোপুরি রাজনীতি ছাড়ছেন না লেভিট। ট্রাম্প জানিয়েছেন, তিনি তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ বাইরের পরামর্শদাতা হিসেবে কাজ চালিয়ে যাবেন।







