Sunday, February 8, 2026
HomeScrollফের কেন উত্তপ্ত বাংলাদেশ? ওসমান হাদি কে?
Bangladesh

ফের কেন উত্তপ্ত বাংলাদেশ? ওসমান হাদি কে?

তাঁর মৃত্যুর পরেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি

ওয়েব ডেস্ক: আবার অশান্ত বাংলাদেশ (Bangladesh)। বুধবার রাত থেকেই ঢাকাসহ (Dhaka) একাধিক জায়গায় শুরু হয়েছে ভাঙচুর ও অগ্নিসংযোগ। পুড়িয়ে দেওয়া হয়েছে সংবাদপত্রের অফিস, বিক্ষোভ হয়েছে ভারতীয় দূতাবাসের বাইরেও। উঠছে তীব্র ভারত-বিরোধী স্লোগান। এই অশান্তির কেন্দ্রে রয়েছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি (Sharif Osman Hadi)। তাঁর মৃত্যুর পরেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি।

১২ ডিসেম্বর ই-রিকশায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হন ওসমান হাদি, এমনটাই অভিযোগ। প্রথমে তাঁকে ভর্তি করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় এভারকেয়ার হাসপাতালে। সেখানেও উন্নতি না হওয়ায় গত শনিবার উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে ইনকিলাব মঞ্চ হাদির মৃত্যুর খবর ঘোষণা করে। সংগঠনের পক্ষ থেকে লেখা হয়, “ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করা মহান বিপ্লবী ওসমান হাদিকে শহিদ হিসেবে গ্রহণ করেছেন আল্লাহ।” এই ঘোষণার পরই দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ ও হিংসা।

আরও পড়ুন: শেষ রক্ষা হল না, প্রয়াত শরিফ ওসমান হাদি!

কে এই ওসমান হাদি?

শেখ হাসিনার বিরুদ্ধে চলা জুলাই আন্দোলনের সময় থেকেই চরমপন্থী রাজনীতিতে উঠে আসেন হাদি। তিনি ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং প্রকাশ্য ভারত-বিরোধী অবস্থানের জন্য পরিচিত। বিশেষজ্ঞদের মতে, ভারত বিরোধিতাই ছিল তাঁর সংগঠনের প্রধান রাজনৈতিক দর্শন। জুলাই আন্দোলনের প্রথম সারির মুখ হিসেবে তিনি আওয়ামী লিগকে সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন। একই সঙ্গে বিএনপিকেও আক্রমণ করতেন। জানা যায়, আগামী ফেব্রুয়ারিতে ঢাকা-৮ কেন্দ্র থেকে নির্বাচনে লড়ার পরিকল্পনাও ছিল তাঁর।

ভারত-বিরোধিতার কারণে হাদি বিশেষভাবে আলোচিত ছিলেন। তিনি একটি তথাকথিত ‘গ্রেটার বাংলাদেশ’-এর মানচিত্র প্রকাশ করেন, যেখানে ভারতের কিছু অংশকে বাংলাদেশের অন্তর্ভুক্ত দেখানো হয়। সেই মানচিত্র তিনি নিজের অনুগামীদের মধ্যে ছড়িয়ে দেন, যা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, হাদিকে গুলি করার অভিযোগ ফয়সাল করিমের বিরুদ্ধে। ইতিমধ্যেই ফয়সালের বাবা-মা, স্ত্রী, বন্ধু এবং একাধিক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

হাদির মৃত্যুর পর তাঁর অনুগামীদের মধ্যে ক্ষোভ চরমে। তাদের দাবি, এই হত্যাকাণ্ডের পিছনে ভারত জড়িত। এমনকি অভিযুক্ত খুনি ভারতে পালিয়ে গিয়েছে বলেও তারা মনে করছে। বিক্ষোভকারীদের দাবি, অভিযুক্তকে যে কোনও মূল্যে বাংলাদেশে ফিরিয়ে এনে শাস্তি দিতে হবে। সব মিলিয়ে, ওসমান হাদির মৃত্যু ঘিরে রাজনৈতিক ক্ষোভ, ভারত-বিরোধী আবেগ এবং নিরাপত্তা প্রশ্ন—সব একসঙ্গে জড়িয়ে নতুন করে অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশ।

 

Read More

Latest News