ওয়েব ডেস্ক : মাধ্যমিকের (Madhyamik) উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতিকে আরও দ্রুত, স্বচ্ছ ও নির্ভুল করতে একাধিক পরিবর্তনের পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার পর ফলপ্রকাশের দীর্ঘ সময়সীমা কমিয়ে আনাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। পর্ষদের পরিকল্পনা, দ্রুত ফল প্রকাশ করা গেলে নির্ধারিত সময়ের আগেই একাদশ শ্রেণির পঠনপাঠন শুরু করা সম্ভব হবে। সেই লক্ষ্যেই খাতা দেখার পদ্ধতি থেকে শুরু করে পুনর্মূল্যায়নের নিয়মেও পরিবর্তনের কথা ভাবা হচ্ছে।
নতুন পরিকল্পনা অনুযায়ী, একজন পরীক্ষককে আগের তুলনায় বেশি সংখ্যক উত্তরপত্র দেখার দায়িত্ব দেওয়া হতে পারে। পাশাপাশি প্রবীণ শিক্ষকদের পরিবর্তে নবীন শিক্ষকদের মূল্যায়নের কাজে বেশি করে যুক্ত করার ভাবনাও রয়েছে। তবে নতুন পরীক্ষকদের হাতে খাতা তুলে দেওয়ার আগে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। দ্রুত মূল্যায়নের পাশাপাশি নম্বর দেওয়ার ক্ষেত্রে নির্ভুলতা বজায় রাখার বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে।
আরও খবর : ২০২৫-এর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলবে, অন্তর্বর্তী নির্দেশ দিল না হাইকোর্ট
মূল্যায়নের স্বচ্ছতা নিশ্চিত করতে রিভিউয়ের ক্ষেত্রেও কড়া নজরদারির পরিকল্পনা রয়েছে। কোনও পরীক্ষার্থীর খাতা পুনর্মূল্যায়নের পর ১০ বা তার বেশি নম্বর বাড়লে সংশ্লিষ্ট পরীক্ষক ও প্রধান পরীক্ষককে ডেকে ব্যাখ্যা চাওয়া হতে পারে। প্রয়োজনে তাঁদের সতর্ক করার ব্যবস্থাও রাখা হতে পারে বলে পর্ষদ সূত্রে খবর।
পর্ষদ সভাপতি লালু দাস জানিয়েছেন, পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি দায়বদ্ধতা বজায় রেখে স্বচ্ছ এবং নির্ভুলভাবে দ্রুত ফল প্রকাশ করাই পর্ষদের লক্ষ্য। তবে এই পরিবর্তন কার্যকর করার ক্ষেত্রে শিক্ষকদের উপর অতিরিক্ত মানসিক চাপ তৈরি না করার বিষয়েও সতর্ক করেছেন শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা।







