ওয়েব ডেস্ক : পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে বড়সড় নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ২০২৭ সালে এই দফতরে ৭,১৯০ জন কর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি। বুধবার সকালে দফতরের কাজকর্ম নিয়ে পর্যালোচনা বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে দীপাবলির পর নতুন নিয়ম চালু করা হবে বলেও জানিয়েছেন তিনি।
এ দিনের বৈঠকে পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ-সহ দফতরের আধিকারিক এবং রাজ্যের সমস্ত জেলার জেলাশাসকরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, দফতরে কর্মীর ঘাটতি মেটানোই এই নিয়োগের অন্যতম উদ্দেশ্য। বিশেষ করে ইঞ্জিনিয়ার-সহ প্রয়োজনীয় কর্মীর অভাবে যাতে উন্নয়নমূলক কাজ ও প্রশাসনিক পরিষেবা আটকে না থাকে, সে দিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়োগের পাশাপাশি আপাতত ১,০০০ জন চুক্তিভিত্তিক কর্মীও নেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিয়মমাফিক করতে বিধিতে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, দীপাবলির পর নিয়োগ সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে। ২০২৭ সালের মধ্যেই ৭,১৯০টি পদে নিয়োগ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। তবে কোন কোন পদে এবং কী যোগ্যতায় নিয়োগ হবে, সে বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে চাকরিপ্রার্থীদের।
শুধু কর্মী নিয়োগ নয়, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের জন্য নতুন দফতর তৈরির কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। নিউটাউনে পাঁচ একর জমির উপর গড়ে উঠবে এই নতুন দফতর। প্রস্তাবিত নতুন বিধানসভা ভবন এবং প্রশাসনিক ভবনের কাছেই জায়গাটি চিহ্নিত করা হয়েছে।







