HomeScrollলক্ষ্মীর মুখে উত্তমকুমারের স্ত্রী গৌরী দেবীর ছায়া! ভোগে নায়কের প্রিয় বেগুন বাসন্তী,...
Uttam Kumar

লক্ষ্মীর মুখে উত্তমকুমারের স্ত্রী গৌরী দেবীর ছায়া! ভোগে নায়কের প্রিয় বেগুন বাসন্তী, ৭৬ বছরে ঐতিহ্যের পুজো

কলকাতা: মহানায়ক উত্তমকুমারের বাড়ির লক্ষ্মীপুজো মানেই ঐতিহ্য, আবেগ আর পুরনো দিনের স্মৃতির মেলবন্ধন। ভবানীপুরের গিরিশ মুখার্জি রোডের সেই বাড়িতে এ বারও শুরু হয়েছে পুজোর প্রস্তুতি। আলোয় সাজানো বাড়ি, ফুলের তোরণ, উঠোনে প্যান্ডেল আর লক্ষ্মীর আসনের সামনে আলপনা—সব মিলিয়ে উৎসবের আবহ। পরিবারের দাবি, এ বার তাঁদের বাড়ির লক্ষ্মীপুজো ৭৬ বছরে পা দিচ্ছে।

এই পুজোর অন্যতম বিশেষত্ব হল প্রতিমা। মা লক্ষ্মীর মুখের আদল নাকি উত্তমকুমারের স্ত্রী গৌরী দেবীর মতো। পরিবারের সদস্য নবমিতা চট্টোপাধ্যায়ের কথায়, শিল্পী নিরঞ্জন পাল এক বার গৌরী দেবীকে দেখেই তাঁর মুখের আদল মনে গেঁথে নিয়েছিলেন। পরে সেই আদলেই তৈরি করেন লক্ষ্মীর প্রতিমা। শিল্পীর তৈরি ছাঁচ ব্যবহার করে এখনও প্রতি বছর একই রকম প্রতিমা গড়া হয়।

পুজোর রীতিতেও রয়েছে ব্যতিক্রম। এই বাড়িতে ঘণ্টার বদলে বাজে ঢাক। পরিবারের ব্যাখ্যা, ঘণ্টার তীক্ষ্ণ আওয়াজের পরিবর্তে শান্ত স্বভাবের দেবীর আরাধনায় ঢাকের শব্দই তাঁদের পছন্দ। পুজোর দিন সকালে সেই ঢাকের আওয়াজেই ঘুম ভাঙে বাড়ির সদস্যদের। তার পর ফল কাটা, ভোগ রান্না, পুজোর আয়োজন এবং অতিথি আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়েন সকলে।

পরিবারের সদস্য মৌসুমী দত্ত চট্টোপাধ্যায় জানিয়েছেন, উত্তমকুমারের বাবা সাতকড়ি চট্টোপাধ্যায় এই পুজো শুরু করেছিলেন। একটি স্বপ্ন দেখার পর কালীপুজোর দিনের ‘অলক্ষ্মী বিদায়’-এর বদলে কোজাগরী লক্ষ্মীপুজো শুরু করেন তিনি। সেই রীতি আজও চলছে।

উত্তমকুমার নিজেও নিষ্ঠার সঙ্গে পুজোয় অংশ নিতেন। তাঁর আরামকেদারাটি আজও বাড়িতে রাখা রয়েছে। এক সময় তাঁর সহকর্মী ও অনুরাগীদের ভিড়ে উঠোন ভরে যেত।

ভোগের আয়োজনেও রয়েছে পুরনো দিনের স্মৃতি। এক সময় লুচি, ছোলার ডাল, ফুলকপির তরকারি, ধোঁকার ডালনা, ছানার ডালনার সঙ্গে থাকত উত্তমকুমারের প্রিয় বেগুন বাসন্তী। এখন ঘিয়ের লুচি, আলুর দম, পোলাও, নানা রকম ভাজা, চাটনি, পায়েস ও মিষ্টিতে সাজে ভোগের থালা। পরিবারের সদস্যরাই আলপনা দেওয়া থেকে প্রতিমা বিসর্জন—সব দায়িত্ব সামলান।

[youtube-feed feed=1]
Read More

Latest News