HomeScroll‘মায়ের পছন্দ না হলে অন্য কিছু করান’, ২৯ বছরের লক্ষ্মীপুজোয় অপরাজিতার বাড়িতে...
Aparajita Adhya

‘মায়ের পছন্দ না হলে অন্য কিছু করান’, ২৯ বছরের লক্ষ্মীপুজোয় অপরাজিতার বাড়িতে কী কী ভোগের আয়োজন?

কলকাতা: লক্ষ্মীপুজো মানেই অভিনেত্রী অপরাজিতা আঢ্যের বাড়িতে বিশেষ আয়োজন। প্রতি বছর নিষ্ঠা ও ভক্তির সঙ্গে ধনদেবীর আরাধনা করেন তিনি। পুজোর প্রস্তুতিতে নিজেই হাত লাগান অভিনেত্রী। দেবীর সাজসজ্জার দায়িত্বও থাকে তাঁর কাঁধে। এ বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। ভোগের পদ থেকে প্রতিমার পোশাক—সব কিছুতেই রয়েছে বাড়ির পুজোর নিজস্ব ছোঁয়া।

অপরাজিতার কথায়, তিনি নিজেও সাজতে ভালোবাসেন। তাই দেবীকে সাজানোর দায়িত্ব নিজের হাতেই তুলে নিয়েছেন। অভিনেত্রীর শাশুড়ি ভোগ রান্নার দায়িত্ব সামলান। পুজোর প্রস্তুতি শুরু হয়েছে দু’দিন আগে থেকেই। নারকেলের নাড়ু, চিঁড়ের মোয়া এবং মুড়ির মোয়া তৈরির কাজ ইতিমধ্যেই শেষ।

এ বারের ভোগের তালিকাতেও রয়েছে নানা পদ। ভেজ চপ, খিচুড়ি, লাবড়া, খেজুর-আমসত্ত্বের চাটনি, পায়েস এবং মিষ্টি দিয়ে সাজানো হবে ভোগের আয়োজন। পারিবারিক রীতি মেনেই দেবীর আরাধনায় ব্যস্ত অভিনেত্রী।

অপরাজিতার বাড়িতে বছরের পর বছর ধরে একই প্রতিমা পূজিত হয়ে আসছে। তবে প্রতি বছর দেবীকে নতুন সাজে সাজানোর চেষ্টা করেন তিনি। এ বার ইসকন থেকে দেবীর পোশাক আসার কথা থাকলেও তা এখনও পৌঁছয়নি। তাই নিজেই মায়ের জন্য ঘাগরা-চোলি ও বিভিন্ন অলঙ্কার কিনেছেন অভিনেত্রী।

দেবীর সঙ্গে তাঁর সম্পর্ক যে শুধুই পুজোর আচার-অনুষ্ঠানে সীমাবদ্ধ নয়, তা অভিনেত্রীর কথাতেই স্পষ্ট। অপরাজিতা জানিয়েছেন, প্রায় ২৯ বছর ধরে বাড়িতে লক্ষ্মীপুজো করে আসছেন তিনি। তাঁর বিশ্বাস, নিজের ইচ্ছেমতো কিছু করতে গেলেও দেবীর পছন্দ না হলে শেষ পর্যন্ত অন্য কাজই তাঁর হাত দিয়ে করিয়ে নেন মা।

কাজের ব্যস্ততা সরিয়ে রেখে বাড়ির পুজোয় সময় দেওয়াই এই সময় অভিনেত্রীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভক্তি, পারিবারিক ঐতিহ্য এবং নিজের হাতে দেবীকে সাজানোর আনন্দ—এই তিনের মেলবন্ধনেই এ বছরও অপরাজিতার বাড়িতে জমে উঠছে লক্ষ্মীপুজোর প্রস্তুতি।

[youtube-feed feed=1]
Read More

Latest News