কলকাতা: পুজোর আগেই রাজ্যের রাস্তায় নামতে চলেছে ৫০০টি নতুন সরকারি বাস (Government Bus)। কলকাতার জন্যও রয়েছে আলাদা পরিকল্পনা। রবিবার পথ নিরাপত্তা সপ্তাহের একটি অনুষ্ঠানে এমনই ঘোষণা করলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। সরকারি বাসের ঘাটতি এবং পুরনো বাসের বেহাল দশা নিয়ে দীর্ঘদিনের অভিযোগের মধ্যেই এই ঘোষণা তাৎপর্যপূর্ণ।
পরিবহণমন্ত্রী জানান, বর্তমানে সরকারি পরিবহণ ব্যবস্থায় প্রয়োজনের তুলনায় বাসের সংখ্যা কম। যে বাসগুলি রয়েছে, তারও অনেকগুলি খারাপ অবস্থায় রয়েছে। কিছু বাস আবার দীর্ঘ দিন ধরে ডিপোয় পড়ে রয়েছে। এই পরিস্থিতি বদলাতেই নতুন বাস নামানোর পরিকল্পনা করা হয়েছে বলে জানান তিনি।
অর্জুনের ঘোষণা অনুযায়ী, পুজোর আগেই ৫০০টি সরকারি বাস পথে নামানো হবে। এর ফলে নিত্যযাত্রীদের ভোগান্তি কিছুটা কমবে বলে আশা করছে পরিবহণ দফতর। শুধু তা-ই নয়, আগামী মার্চের মধ্যে আরও ১,০০০টি নতুন সরকারি বাস রাস্তায় নামানোর পরিকল্পনা রয়েছে।
কলকাতার ক্ষেত্রেও নতুন বাস চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী। এর আগে গত ২১ জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের উপস্থিতিতে ২৪টি রুটে ৫০টি এসি বাসের উদ্বোধন হয়েছিল।
এ দিনের অনুষ্ঠানে পথ নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন পরিবহণমন্ত্রী। সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি বলে মন্তব্য করেন তিনি। দুর্ঘটনার ক্ষেত্রে নিয়ম ভাঙার প্রমাণ মিললে চালকের লাইসেন্স বাতিল এবং সংশ্লিষ্ট গাড়ির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পক্ষেও সওয়াল করেন।
পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ নিয়েও সরব হন মন্ত্রী। পাশাপাশি শীতকালে লন্ডনের ধাঁচে কলকাতায় ‘ওপেন বাস’ চালুর ভাবনাও রয়েছে বলে জানান তিনি। ডবলডেকার বাস ফেরানোর বিষয়েও চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী।







