ওয়েব ডেস্ক : দিল্লিতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijeet Dipke)। শনিবারের এই সাক্ষাতে তরুণদের আন্দোলনের পাশে দাঁড়ানোর জন্য মমতাকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি, ভোট চুরির অভিযোগে রবিবার দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের প্রস্তাবিত সমাবেশের প্রতিও সমর্থন জানান। তবে ওই কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে অংশ নেবে না তাঁদের সিজেপি। অভিজিতের বক্তব্য, ককরোচ জনতা পার্টি একটি স্বাধীন ও নিরপেক্ষ মঞ্চ। নিজেদের স্বতন্ত্র পরিচয় বজায় রাখতেই এই সিদ্ধান্ত।
সাক্ষাতের কারণ ব্যাখ্যা করতে গিয়ে অভিজিৎ জানান, নিট পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে যন্তর মন্তরে তাঁদের প্রথম আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন জানিয়েছিলেন। পরবর্তীতে সংগঠনের নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হলেও তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন তৃণমূল নেত্রী। সেই সমর্থনের জন্যই ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাতে এসেছিলেন তিনি। অভিজিতের কথায়, ভোট চুরির বিরুদ্ধে যে কোনও সংগঠন আন্দোলন করলে তাদের পাশে থাকবে ককরোচ জনতা পার্টি। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ও তরুণ আন্দোলনকারীদের ভূমিকার প্রশংসা করেন এবং তাঁদের পশ্চিমবঙ্গে এসে কর্মসূচি আয়োজনের আমন্ত্রণ জানান।
আরও খবর : ফের হিংসার আগুন মণিপুরে, নোনে জেলায় গুলির লড়াইয়ে নিহত তিন যুবক
রবিবারের ইন্ডিয়া জোটের (INDIA Bloc) সমাবেশে অংশগ্রহণ নিয়ে মমতা জানান, তরুণ আন্দোলনকারীরা কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। তাঁদের আন্দোলনের নেতৃত্ব ও উদ্যোগেরও প্রশংসা করেন তিনি। পাশাপাশি, পশ্চিমবঙ্গে এসে কর্মসূচি করার প্রস্তাব দিলেও কলকাতায় অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত সংগঠনের উপরেই ছেড়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। উল্লেখ্য, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এবং নির্বাচন কমিশনের ভূমিকার প্রতিবাদেও সক্রিয় রয়েছে ককরোচ জনতা পার্টি।
এদিকে, ভোট চুরির অভিযোগ এবং নির্বাচন কমিশনের জবাবদিহির দাবিতে রবিবার দিল্লির রামলীলা ময়দানে বড় সমাবেশের প্রস্তুতি নিয়েছে ইন্ডিয়া জোট। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও তুলেছেন বিরোধীরা। দুপুর ১২টায় মিন্টো রোড থেকে ‘চলো দিল্লি’ পদযাত্রা শুরু হয়ে রামলীলা ময়দানে পৌঁছবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সমাবেশের কর্মসূচি রাখা হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলির পাশাপাশি ছাত্রছাত্রী, যুবসমাজ, মহিলা, শ্রমিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদেরও যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।







