ওয়েব ডেস্ক : পাঁচতারা হোটেলের ঝাঁ চকচকে পরিবেশের আড়ালে খাবারের মান নিয়ে উঠল গুরুতর প্রশ্ন। বেঙ্গালুরুর (Bengaluru) একাধিক নামী হোটেল ও রিসর্টে বিশেষ অভিযান চালিয়ে মেয়াদ পেরিয়ে যাওয়া খাবার, পচা মাংস এবং সবজিতে ছত্রাকের মতো একাধিক অনিয়মের সন্ধান পেয়েছে কর্নাটকের (Karnataka) Food Safety and Drug Administration Department। শহরের ২৬টি তিন ও পাঁচতারা হোটেলে একযোগে অভিযান চালানো হয়। এই কাজের জন্য ৩০টি খাদ্য সুরক্ষা আধিকারিকের দল নামানো হয়েছিল।
অভিযানে রান্নাঘর ও খাবার সংরক্ষণের জায়গাগুলির পরিচ্ছন্নতা নিয়েও প্রশ্ন উঠেছে। কোথাও মেয়াদোত্তীর্ণ খাবার, কোথাও সবজিতে ছত্রাক, আবার কোথাও খাদ্যসামগ্রী ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়ম মানা হয়নি বলে অভিযোগ। নিরামিষ ও আমিষ খাবার আলাদা করে সংরক্ষণের ব্যবস্থাতেও একাধিক জায়গায় ঘাটতি ধরা পড়ে। এছাড়া ভুল বা বিভ্রান্তিকর লেবেল ব্যবহার এবং FSSAI-এর নির্ধারিত লেবেলিং নিয়ম না মানার অভিযোগও সামনে এসেছে।
আরও খবর : LDC পরীক্ষায় নকলের বড় চক্রের হদিশ! বিশেষ ফোন-ন্যানো ইয়ারবাড-সহ জনকপুরীতে গ্রেফতার ৭
অভিযানের সময় বিভিন্ন হোটেল থেকে মোট ৩৫টি খাবারের নমুনা সংগ্রহ করেছে দফতর। সেই তালিকায় রয়েছে চিকেন, মাটন, মাছ, দুধ, রান্নার তেল, মশলা, চা পাউডার, চিজ, টমেটো সস এবং লেবুর রসের মতো বিভিন্ন খাদ্যপণ্য। নমুনাগুলি পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্টে কোনও খাদ্যসামগ্রী নির্ধারিত মান পূরণ না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
অভিযানে পাওয়া মেয়াদোত্তীর্ণ বা খাওয়ার অনুপযুক্ত বলে চিহ্নিত বেশ কিছু খাবার ইতিমধ্যেই বাজেয়াপ্ত করে নষ্ট করা হয়েছে। এর মধ্যে মাংস, মাছ, চিকেন, সবজি, দুধ এবং বেকারি সামগ্রীও ছিল। সংশ্লিষ্ট Food Business Operator-দের নোটিস দেওয়া হয়েছে। কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী ইউটি খাদের জানিয়েছেন, হোটেল যত বড়ই হোক, খাদ্য নিরাপত্তার নিয়ম মানতেই হবে। প্রশাসনের তরফে স্পষ্ট করা হয়েছে, পরীক্ষায় অনিয়ম প্রমাণিত হলে কোনও প্রতিষ্ঠানকেই ছাড় দেওয়া হবে না।







