ওয়েব ডেস্ক : বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে (Cyclone) পরিণত হয়েছে। রবিবার এই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে ‘মুরাসু’ (Murasu)। ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ নভেম্বর ভোরে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। স্থলভাগে আছড়ে পড়ার সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত।
আবহাওয়া দফতরের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, আপাতত ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া হলেও সেটি আরও শক্তিশালী হয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সামান্য সম্ভাবনা রয়েছে। তবে বর্তমান পূর্বাভাস অনুযায়ী, ৩ নভেম্বর সকালে অন্ধ্র উপকূলেই আছড়ে পড়ার কথা এই ঝড়ের। কয়েক দিন আগেই ঘূর্ণিঝড় অর্নবের প্রভাব সামলেছে অন্ধ্রপ্রদেশ। তার পর ফের নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কায় উপকূলবর্তী এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।
আরও খবর : জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি, মোদি-শাহকেও ছাড়বেন না! হুঁশিয়ারি রাহুলের
ঘূর্ণিঝড়ের নাম ‘মুরাসু’ কেন? এই নামটি প্রস্তাব করেছে ভারত। তামিল ভাষায় ‘মুরাসু’ বলতে এক ধরনের প্রাচীন বাদ্যযন্ত্র বা ঢাককে বোঝায়। অতীতে গ্রাম ও রাজ্যজুড়ে গুরুত্বপূর্ণ খবর এবং ঘোষণা মানুষের কাছে পৌঁছে দিতে এই বাদ্যযন্ত্র ব্যবহার করা হত। ঝড়ের নামকরণের ক্ষেত্রেও নির্দিষ্ট আন্তর্জাতিক নিয়ম রয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থার সমন্বয়ে বঙ্গোপসাগর ও আরব সাগরের ঘূর্ণিঝড়ের নাম ঠিক করে ১৩টি সদস্য দেশ। ভারতের পাশাপাশি বাংলাদেশ, ইরান, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহি এবং ইয়েমেন এই ব্যবস্থার অংশ।
সাম্প্রতিক ঘূর্ণিঝড়গুলির নামের উৎসও আলাদা। অন্ধ্র উপকূলে আছড়ে পড়া ঘূর্ণিঝড় অর্ণবের নাম দিয়েছিল বাংলাদেশ। বাংলা ভাষায় ‘অর্ণব’-এর শব্দের অর্থ সমুদ্র। অন্যদিকে, ২০২৫ সালে অন্ধ্র উপকূলে আছড়ে পড়া ঘূর্ণিঝড় মোন্থার নাম দিয়েছিল থাইল্যান্ড। থাই ভাষায় শব্দটির অর্থ সুগন্ধি বা সুন্দর ফুল। নতুন ঘূর্ণিঝড় মুরাসুর গতিপথ ও শক্তির দিকে এখন নজর রাখছে আবহাওয়া দফতর।







