ওয়েব ডেস্ক : পাঞ্জাবে (Punjab) প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হল আম আদমি পার্টির (AAP) নেতা গুরপ্রীত সিং গোপিকে (Gurpreet Singh Gopi)। শনিবার মামদোট শহরে মোটরবাইকে করে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। হামলায় ঘটনাস্থলেই গুরপ্রীতের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, গুরপ্রীত সিং গোপি (Gurpreet Singh Gopi) এবং হরপ্রীত নামে এক ব্যক্তি মোটরবাইকে করে যাচ্ছিলেন। সেই সময় একটি গাড়িতে থাকা কয়েকজন দুষ্কৃতী তাঁদের পিছু নেয়। এরপর মোটরবাইক লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়। গুলিতে গুরুতর জখম হন গোপি।
আরও খবর : নেপালের বন্যায় নিখোঁজ ইনফোসিস পাবলিক সার্ভিসেজ-এর সিইও ল্যাক্স গোপিসেট্টি
এই হামলার পিছনে পুরনো বিবাদের যোগ রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। পাশাপাশি নির্বাচনী বিরোধও তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসেবে উঠে এসেছে। পুরো ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশের দাবি, হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে। তাঁদের ধরতে একাধিক দল তৈরি করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, মূল অভিযুক্তের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
হামলার সময় গুরপ্রীত ও হরপ্রীতের পিছনে তাঁদের কয়েকজন বন্ধু একটি আলাদা গাড়িতে যাচ্ছিলেন। অভিযোগ, সেই গাড়িকেও লক্ষ্য করে গুলি চালানো হয়। গোটা ঘটনায় পাঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।







