HomeScrollনতুন সিম নিতে গেলে এবার কড়া নিয়ম, এক ব্যক্তির নামে কতগুলি SIM...
SIM Card Limit India

নতুন সিম নিতে গেলে এবার কড়া নিয়ম, এক ব্যক্তির নামে কতগুলি SIM থাকতে পারবে?

২৪ অগস্ট থেকে নতুন সংযোগ দেওয়ার আগে গ্রাহকের নামে থাকা সব মোবাইল নম্বর যাচাই করবে টেলিকম সংস্থা, সীমা পেরোলেই আবেদন বাতিল

ওয়েব ডেস্ক : একের পর এক নতুন মোবাইল সংযোগ নেওয়ার ক্ষেত্রে এবার আরও কড়া হচ্ছে কেন্দ্র (Central Government)। টেলিকম দফতরের নতুন নির্দেশিকা অনুযায়ী, কোনও গ্রাহকের নামে আগে থেকেই নির্ধারিত সংখ্যক SIM থাকলে তাঁকে আর নতুন মোবাইল সংযোগ দেওয়া হবে না। আগামী ২৪ অগস্ট থেকে এই নিয়ম কার্যকর করার কথা জানিয়েছে দফতর।

বর্তমান নিয়ম অনুযায়ী, সাধারণ ক্ষেত্রে একজন ব্যক্তি নিজের নামে সর্বাধিক ৯টি মোবাইল সংযোগ রাখতে পারেন। তবে জম্মু ও কাশ্মীর, অসম এবং উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে এই সীমা ৬টি। এতদিন এই সীমা থাকলেও নতুন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন হল, নতুন SIM দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তির নামে থাকা মোট সংযোগের সংখ্যা যাচাই করতে হবে টেলিকম সংস্থাগুলিকে।

আরও খবর : বাড়িতে একা থাকার সুযোগে গৃহবধূকে কুপিয়ে খুন, বসিরহাটে চাঞ্চল্য

নতুন SIM-এর আবেদন করার সময় গ্রাহকের অন্য অপারেটর বা অন্য টেলিকম সার্ভিস এরিয়ায় থাকা নম্বরগুলিও হিসাবের মধ্যে আসবে। এই যাচাইয়ের জন্য ব্যবহার করা হবে সরকারের Digital Intelligence Platform বা DIP। বিভিন্ন টেলিকম সংস্থার তথ্য একত্র করে কোনও ব্যক্তির নামে মোট কতগুলি মোবাইল সংযোগ রয়েছে, তা চিহ্নিত করতে সাহায্য করবে এই প্ল্যাটফর্ম। ২৩ অগাস্ট থেকে নির্ধারিত সীমায় পৌঁছে যাওয়া গ্রাহকদের একটি তালিকা প্ল্যাটফর্মে দেখানোর ব্যবস্থাও রাখা হয়েছে।

নির্ধারিত সীমা অতিক্রম করে নতুন সংযোগ চালু হয়ে গেলেও থাকছে ব্যবস্থা। এমন পরিস্থিতিতে অতিরিক্ত SIM সাময়িকভাবে সাসপেন্ড করা হতে পারে। নতুন নিয়মের সঙ্গে প্রযুক্তিগত ব্যবস্থা খাপ খাওয়ানোর জন্য টেলিকম সংস্থাগুলিকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ফলে নতুন SIM নেওয়ার আগে নিজের নামে কতগুলি সক্রিয় মোবাইল নম্বর রয়েছে, তা জেনে নেওয়া গ্রাহকদের জন্য এখন আরও জরুরি।

[youtube-feed feed=1]
Read More

Latest News