ওয়েব ডেস্ক : স্বামীকে খুনের ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার স্ত্রী ও তাঁর জিম প্রশিক্ষক। দিল্লির (Delhi) কাছে গাজিয়াবাদের বসুন্ধরায় নিজের বাড়িতেই ছুরির আঘাতে গুরুতর জখম হন শশাঙ্ক কন্থারিয়া। গত ২৬ অক্টোবর সকালে এই হামলার ঘটনা ঘটে। ঘটনায় তাঁর স্ত্রী প্রিয়া শর্মা এবং জিম প্রশিক্ষক প্রতাপ সিংকে গ্রেফতার করেছে পুলিশ। হামলায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বসুন্ধরার সেক্টর-১ এলাকার জাগৃতি রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সোসাইটিতে থাকতেন শশাঙ্ক ও প্রিয়া। ঘটনার দিন সকালে প্রিয়া জিমে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোচ্ছিলেন। সেই সময় প্রতাপ বাড়িতে ঢুকে শশাঙ্ককে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় শশাঙ্কের চিৎকার শুনে অভিযুক্ত পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে যশোদা মেডিসিটি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসায় প্রাণে বেঁচে যান শশাঙ্ক।
পুলিশের দাবি, প্রিয়া গত সাত-আট মাস ধরে ফিটনেস হেডকোয়ার্টার্স নামে একটি জিমে যেতেন। সেখানে প্রশিক্ষক হিসেবে কাজ করতেন প্রতাপ। সেই সূত্রেই দু’জনের পরিচয় এবং পরে ঘনিষ্ঠতা বাড়ে বলে তদন্তকারীদের দাবি। তাঁদের মধ্যে হোয়াটসঅ্যাপে নিয়মিত কথাবার্তাও চলত। জেরায় প্রতাপ জানিয়েছেন, তাঁরা বিয়ে করার পরিকল্পনা করেছিল।
আরও খবর : পিএনবির গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে উধাও ৩৫ কোটি টাকা! সঞ্চয় ও স্থায়ী আমানত নিয়ে তোলপাড়
তদন্তকারীদের দাবি, স্ত্রী ও প্রতাপের সম্পর্কের কথা জানতে পেরেছিলেন শশাঙ্ক। দীপাবলির পর অন্য জায়গায় চলে যাওয়ার পরিকল্পনাও করছিলেন তিনি। এরপরই তাঁকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয় বলে অভিযোগ। পুলিশের দাবি, হামলার আগের দিন, ২৫ অক্টোবর সকালে দৌড়তে বেরিয়ে শশাঙ্ককে খুন করার বিষয়ে আলোচনা করেন প্রিয়া ও প্রতাপ।
পরদিন সকালে ছুরি নিয়ে শশাঙ্কের বাড়িতে যায় প্রতাপ। পুলিশের অভিযোগ, প্রিয়া বাড়ির গেট খোলা রেখেছিল, সেই সুযোগে ভিতরে ঢুকে শশাঙ্কের উপর হামলা চালায় প্রতাপ। ঘটনার আগের রাতেও দু’জনের মধ্যে হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। শশাঙ্কের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। প্রিয়া শর্মা ও প্রতাপ সিংয়ের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। ঘটনার নেপথ্যে তাঁদের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ।







