ওয়েব ডেস্ক : আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে প্রত্যাশামতো পারফরম্যান্স করতে পারেননি অভিজ্ঞ এই পেসার। তাঁর প্রত্যাবর্তন নিয়ে বাড়তি প্রত্যাশার চাপ যে রয়েছে, তা স্বীকার করে নিয়েছেন ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল (Morne Morkel)। ভুবনেশ্বরকে আপাতত নিজের স্বাভাবিক খেলায় মন দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
চার বছর পর ভারতীয় দলে ফিরেছেন ৩৬ বছর বয়সি ভুবনেশ্বর (Bhuvneshwar Kumar)। প্রথম দুই টি-টোয়েন্টিতে তাঁর বোলিং পরিসংখ্যান যথাক্রমে ০/৪৯ এবং ১/৫০। অথচ আইপিএল ২০২৬-এ ১৬ ম্যাচে ২৮টি উইকেট নিয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পরপর দু’বার আইপিএল খেতাব জয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।
ভুবনেশ্বরের প্রত্যাবর্তন প্রসঙ্গে মর্কেল জানিয়েছেন, চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ভালো পারফরম্যান্স করার প্রত্যাশা থাকবেই। আইপিএলে ভালো বল করলেও আন্তর্জাতিক ক্রিকেটের পরিস্থিতি আলাদা। সূচির কারণে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগও পাননি ভুবনেশ্বর। তাই তাঁকে কয়েকটি ম্যাচ সময় দিয়ে নিজের ছন্দ ফিরে পাওয়ার সুযোগ দেওয়া প্রয়োজন বলে মনে করেন ভারতীয় দলের বোলিং কোচ।
আরও খবর : অর্শদীপের নজির, তিলক-নীতীশের ব্যাটিং ঝড়, নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে ভারত
মর্কেলের কথায়, ভুবনেশ্বরের দক্ষতা ও অভিজ্ঞতা নিয়ে কোনও প্রশ্ন নেই। তাঁর কাছে দলের বার্তা স্পষ্ট—কোনও কিছু জোর করে অর্জন করার চেষ্টা নয়, বরং নিজের স্বাভাবিক খেলায় মন দিতে হবে। প্রতিটি ম্যাচের সঙ্গে তিনি আরও ভালো হয়ে উঠবেন এবং ধীরে ধীরে ছন্দ ফিরে পাবেন বলেও আশাবাদী মর্কেল।
এদিকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ময়াঙ্ক যাদবের পরিবর্তে প্রিন্স যাদবকে খেলানোর সিদ্ধান্তের ব্যাখ্যাও দিয়েছেন বোলিং কোচ। তাঁর মতে, সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ কৌশলগত। শিশিরের কারণে বল ভিজে যাওয়ার সম্ভাবনা, মাঠের আকার এবং ডেথ ওভারে নিখুঁত ইয়র্কার করার দক্ষতা বিবেচনা করেই প্রিন্সকে বেছে নেওয়া হয়েছিল। মর্কেল জানিয়েছেন, প্রথম ম্যাচে ময়াঙ্কের পারফরম্যান্সের কারণে তাঁকে বাদ দেওয়া হয়নি। তরুণ বোলার হিসেবে ম্যাচের পরিস্থিতি বোঝা, ওভার সাজানো এবং নিজের বোলিং নিয়ে ভাবার জন্য কিছুটা সময় পাওয়াও তাঁর উন্নতির পক্ষে সহায়ক হতে পারে।







