HomeScrollরোনাল্ডো-জর্জিনার বিয়ের পর নতুন জল্পনা, হানিমুনে কেরলেই কি আসছেন সিআর সেভেন?
Kerala

রোনাল্ডো-জর্জিনার বিয়ের পর নতুন জল্পনা, হানিমুনে কেরলেই কি আসছেন সিআর সেভেন?

দীর্ঘদিনের সম্পর্কের পর বিয়ে, এবার পর্তুগিজ তারকা দম্পতিকে ‘গডস ওন কান্ট্রি’-তে ঘুরতে যাওয়ার আমন্ত্রণ কেরল ট্যুরিজমের

ওয়েব ডেস্ক : দীর্ঘ প্রায় ন’বছরের সম্পর্কের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জর্জিনা রড্রিগেজ। পর্তুগালের কাসকাইসে ঘনিষ্ঠ পরিসরে তাঁদের বিয়ের পর এবার সামনে এসেছে নতুন প্রশ্ন—মধুচন্দ্রিমার জন্য কোথায় যাবেন তারকা দম্পতি? সেই প্রশ্নের মধ্যেই রোনাল্ডো-জর্জিনাকে সরাসরি কেরলে আসার আমন্ত্রণ জানাল কেরল ট্যুরিজম। ফলে তাঁদের সম্ভাব্য হানিমুন ডেস্টিনেশন নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা।

কেরল ট্যুরিজমের সোশ্যাল মিডিয়া পোস্টে তারকা যুগলকে উদ্দেশ্য করে কেরলে মধুচন্দ্রিমা কাটানোর প্রস্তাব দেওয়া হয়েছে। আর সেই পোস্ট ঘিরেই নেটপাড়ায় শুরু হয়েছে আলোচনা। কেরলের প্রাকৃতিক সৌন্দর্যকে সামনে রেখে রোনাল্ডো-জর্জিনাকে সেখানে সময় কাটানোর আহ্বান জানানো হয়েছে। পাহাড়, চা-বাগান, কুয়াশা, শান্ত জলপথ এবং হাউসবোট, সব মিলিয়ে নবদম্পতির জন্য কেরল যে আকর্ষণীয় জায়গা হতে পারে, সেটিই তুলে ধরেছে কেরলের পর্যটন দফতর।

কেরলের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র মুন্নার। পশ্চিমঘাটের পাহাড়ে ঘেরা এই শৈলশহর তার চা-বাগান, মেঘে ঢাকা পাহাড় এবং মনোরম আবহাওয়ার জন্য পরিচিত। অন্যদিকে আলেপ্পির ব্যাকওয়াটার ও হাউসবোটও পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। তাই হানিমুনের মতো ব্যক্তিগত সফরের জন্য কেরলের এই দুই ধরনের পরিবেশ রোনাল্ডো ও জর্জিনার পছন্দ হতে পারে বলে মনে করছেন অনেকে।

আরও খবর : কেকেআরের পোস্টে হার্দিক পান্ডিয়া! মুম্বই ছেড়ে কলকাতায় আসছেন অলরাউন্ডার?

রোনাল্ডো ও জর্জিনার প্রেমের সম্পর্কও দীর্ঘদিন ধরেই সংবাদ শিরোনামে। ২০২৫ সালের আগস্টে জর্জিনা তাঁদের বাগদানের খবর প্রকাশ্যে এনেছিলেন। তার প্রায় এক বছর পর বিয়ের খবর সামনে আসে। দীর্ঘদিন একসঙ্গে থাকার পাশাপাশি তাঁদের পরিবারে রয়েছে সন্তানরাও। ফলে বিয়ের পর তাঁদের ব্যক্তিগত সময় কাটানোর পরিকল্পনা নিয়েও ভক্তদের কৌতূহল তৈরি হয়েছে।

রোনাল্ডোকে কেরলে আমন্ত্রণ জানানোর পিছনে রয়েছে রাজ্যটির ফুটবল উন্মাদনাও। বিশ্বকাপ এলেই কেরলের বিভিন্ন শহর ও গ্রামে ফুটবল তারকাদের নিয়ে তৈরি হয় উৎসবের পরিবেশ। রোনাল্ডোর জনপ্রিয়তাও সেখানে যথেষ্ট। ২০২২ বিশ্বকাপের সময় কোঝিকোড়ের পুল্লাভুরে মেসি, নেইমার ও রোনাল্ডোর বিশাল কাটআউট ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছিল, তা আন্তর্জাতিক স্তরেও নজর কেড়েছিল। তবে কেরল ট্যুরিজমের আমন্ত্রণ গ্রহণ করবেন কি না, তা এখনও জানা যায়নি। হানিমুনের জন্য শেষ পর্যন্ত কোন গন্তব্য বেছে নেন রোনাল্ডো ও জর্জিনা, সেই উত্তর পেতে আরও কিছুটা অপেক্ষা করতে হবে।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News