ওয়েব ডেস্ক: অনুপ্রবেশ (Infiltration) রোধ এবং সীমান্তবর্তী এলাকায় বর্ডার ফেন্সিংয়ের (Border Fencing) কাজ আরও জোরদার করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনের (Govind Mohan) উদ্যোগে আগামী মঙ্গলবার দিল্লিতে অনুষ্ঠিত হবে এই উচ্চপর্যায়ের বৈঠক। সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজির (WBP DG)।
সূত্রের খবর, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধ, সীমান্তবর্তী জেলাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং বর্ডার ফেন্সিংয়ের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই বৈঠকে। সম্প্রতি অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নির্দেশিকা কার্যকর করার পর পরিস্থিতি পর্যালোচনা করাও বৈঠকের অন্যতম উদ্দেশ্য।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষস্তরের এই বৈঠকে বিশেষ গুরুত্ব পেতে পারে সীমান্তবর্তী জেলাগুলির বর্তমান নিরাপত্তা পরিস্থিতি। কীভাবে অবৈধ অনুপ্রবেশ আরও কার্যকরভাবে রোধ করা যায় এবং সীমান্ত নজরদারির ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় বাড়ানো যায়, তা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: জঙ্গিদমন অভিযানে মর্মান্তিক দুর্ঘটনা, পাহাড় থেকে পড়ে প্রাণ হারালেন সেনা আধিকারিক
এই বৈঠকের বিশেষ তাৎপর্য রয়েছে কারণ আগামী ১৩ ও ১৪ জুন পশ্চিমবঙ্গ সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। জানা গিয়েছে, উত্তরবঙ্গ এবং রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী জেলার আইনশৃঙ্খলা, সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
রাজনৈতিক ও প্রশাসনিক মহলের একাংশের মতে, অমিত শাহের রাজ্য সফরের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ রোধে কেন্দ্রের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার রূপরেখা এই বৈঠক থেকেই স্পষ্ট হতে পারে বলে মনে করা হচ্ছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে এখনও আনুষ্ঠানিকভাবে বৈঠকের পূর্ণাঙ্গ এজেন্ডা প্রকাশ করা না হলেও, সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশ প্রতিরোধ এবং নিরাপত্তা অবকাঠামো উন্নয়নই যে আলোচনার মূল কেন্দ্রবিন্দু হতে চলেছে, তা প্রায় নিশ্চিত বলেই প্রশাসনিক মহলের ধারণা।
দেখুন আরও খবর:







