ওয়েব ডেস্ক : স্বাধীনতা দিবসের (Independence Day) অনুষ্ঠানে এবার নজর কাড়তে চলেছে সুন্দরবন (Sundarbans)। কলকাতার রেড রোডের বদলে গোসাবার কিষাণ মাণ্ডিতে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যের স্বাধীনতা দিবস উদযাপনের ইতিহাসে এই সিদ্ধান্তকে ব্যতিক্রমী বলেই মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সফরকে সামনে রেখে ইতিমধ্যেই সুন্দরবনে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে।
মূল অনুষ্ঠান কোথায় হবে, তা চূড়ান্ত করার আগে সুন্দরবনের (Sundarbans) একাধিক জায়গা পরিদর্শন করা হয়েছিল। গোসাবার কাছারি মাঠের পাশাপাশি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ঝিলা ফরেস্ট ক্যাম্পও দেখা হয়। পরে যোগাযোগ ব্যবস্থা এবং ভৌগোলিক অবস্থানের মতো বিষয় বিবেচনা করে কিষাণ মাণ্ডিকে বেছে নেওয়া হয়। এতদিন কলকাতার রেড রোডেই মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান হয়ে এসেছে। এবার সেই প্রথায় বদল এনে সুন্দরবনকে সামনে আনা হচ্ছে।
মুখ্যমন্ত্রীর সফর ঘিরে গোসাবা ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হচ্ছে। একইসঙ্গে কলকাতার রেড রোডের অনুষ্ঠানেও থাকছে একাধিক নতুন আয়োজন। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে আরও পাঁচটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলকে আমন্ত্রণ জানাতে বলা হয়েছে। ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন রাজ্যের সংস্কৃতি ও খাবারকে তুলে ধরার পরিকল্পনাও রয়েছে। তবে কলকাতার অনুষ্ঠানে কোন পাঁচ রাজ্যের প্রতিনিধিরা থাকবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।
স্বাধীনতা দিবসের (Independence Day) কর্মসূচি শুধু রাজ্য সদরেই সীমাবদ্ধ থাকছে না। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী জেলা, মহকুমা, ব্লক এবং গ্রাম পঞ্চায়েত স্তরেও অনুষ্ঠান আয়োজন করা হবে। জেলা পর্যায়ে মন্ত্রী, কমিশনার বা জেলাশাসক এবং স্থানীয় স্তরে সংশ্লিষ্ট আধিকারিক ও পঞ্চায়েত প্রধানরা পতাকা উত্তোলন করবেন। সন্ধ্যায় রাজ্যপালের বাসভবনেও ‘অ্যাট হোম’ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে বিভিন্ন ক্ষেত্রে কৃতী ব্যক্তি, শহিদ পরিবারের সদস্য, ক্রীড়াবিদ, শিক্ষক, স্বাস্থ্যকর্মী-সহ সমাজের বিভিন্ন স্তরের বিশেষ মানুষদের আমন্ত্রণ জানানো হবে।







