ওয়েব ডেস্ক : মহকুমা থেকে জেলা—কাকদ্বীপের (Kakdwip) প্রশাসনিক পরিচয় বদলের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার কাকদ্বীপ স্টেডিয়ামে সরকারি কর্মসূচিতে যোগ দিয়ে তিনি জানান, আগামী দিনে কাকদ্বীপকে পৃথক জেলা করা হবে। একই সঙ্গে সুন্দরবনের সমস্ত দ্বীপকে একসঙ্গে যুক্ত করে বিশেষ উন্নয়ন পরিকল্পনা ‘সুন্দরবন মডেল’ গড়ে তোলার কথা বলেন তিনি। তাঁর আশ্বাস, প্রশাসনিক পুনর্বিন্যাসে সময় লাগলেও জেলা গঠনের সিদ্ধান্তে বদল হবে না।
বর্তমানে কাকদ্বীপ মহকুমার অধীনে রয়েছে কাকদ্বীপ, নামখানা, পাথরপ্রতিমা ও সাগর—এই চারটি ব্লক। সুন্দরবন এলাকার বাসিন্দাদের সরকারি পরিষেবা আরও সহজে পৌঁছে দেওয়াই এই পরিকল্পনার অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এলাকার উন্নয়নে একাধিক প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি। সুন্দরবনের বাঁধ মেরামতির জন্য ১০০ কোটি টাকা বরাদ্দের পাশাপাশি ২০২৯ সালের মধ্যে মুড়িগঙ্গা সেতুর উদ্বোধনের লক্ষ্যমাত্রা ঘোষণা করেন।
আরও খবর : সান্দাকফুতে ফের পর্যটকের মৃত্যু! এক মাসে প্রাণ গেল দু’জনের, মৃত বারাসতের বাসিন্দা
দক্ষিণ ২৪ পরগনার উন্নয়ন খাতে অর্থ বরাদ্দ নিয়েও পূর্বতন সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন শুভেন্দু। তাঁর দাবি, আগের সরকার ২০২৫-২৬ অর্থবর্ষে ৬০০ কোটি টাকা বরাদ্দ করলেও খরচ হয়েছিল ২০০ কোটি টাকা। বর্তমান সরকার আট মাসের বাজেটে ১২০০ কোটি টাকা বরাদ্দ করেছে বলে জানান তিনি। প্রথম পর্যায়ে ৫৫৩টি কাজের টেন্ডার হয়েছে এবং পরবর্তী পর্যায়ে আরও ২৬৫০টি কাজের পরিকল্পনা রয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।
এ দিনের সভা থেকে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-র শংসাপত্র বিলি নিয়েও প্রশাসনকে কড়া নির্দেশ দেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক এবং কাকদ্বীপের মহকুমাশাসককে দ্রুত শংসাপত্র দেওয়ার ব্যবস্থা করতে বলেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশ থেকে জীবন ও ধর্ম রক্ষার জন্য ভারতে আসা মানুষদের শরণার্থী হিসেবে উল্লেখ করে তিনি জানান, ডিসেম্বরের ১০ তারিখের পর সাগরে যাবেন। তার আগেই যোগ্য আবেদনকারীরা যাতে শংসাপত্র পান, তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের। শংসাপত্র পাওয়ার পর জানুয়ারি মাসে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করা যাবে বলেও জানান তিনি।
এ ছাড়াও ২০২১ সালের বিধানসভা ভোট পরবর্তী হিংসা এবং আমফান ও মনরেগার অর্থ নিয়ে ওঠা অভিযোগের প্রসঙ্গ তুলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।







