ওয়েব ডেস্ক : কয়েকদিনের মেঘ-বৃষ্টির (Rain) পর দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ফের বদলের ইঙ্গিত। শনিবার থেকেই আবার বাড়তে পারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ২৯ থেকে ৩১ অগস্ট দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের উপর সক্রিয় রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। তার প্রভাবেই আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দুই ২৪ পরগনা, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে। এই জেলাগুলির কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে। রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আরও খবর : বইমেলার নতুন কমিটি গড়ল রাজ্য সরকার
সোমবার পর্যন্ত চলবে এই বৃষ্টির দাপট। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিই হওয়ার সম্ভাবনা রয়েছে।
কলকাতার (Kolkata) ক্ষেত্রেও আগামী কয়েকদিনে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত শহর ও সংলগ্ন এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে বৃষ্টি নামলেও গরমের অস্বস্তি পুরোপুরি দূর হবে না। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা ভাব বজায় থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও (North Bengal) আপাতত বৃষ্টির প্রভাব থাকবে। বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী দিনে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে পারে।







