কলকাতা: ফের দুর্যোগের ভ্রুকুটি দক্ষিণবঙ্গে। সোমবারও রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া (Rain Forecast)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে (Weather Update)।
সোমবার দক্ষিণবঙ্গের আট জেলাকে হলুদ সতর্কতার আওতায় রাখা হয়েছে। তালিকায় রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া এবং পুরুলিয়া। এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।
গত কয়েক দিন ধরেই টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলা বিপর্যস্ত। কোথাও জল জমেছে, কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা ও সেতু। সেই পরিস্থিতির মধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাসে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে নিচু এলাকা ও জলমগ্ন অঞ্চলে নতুন করে দুর্ভোগ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া দফতরের মতে, মৌসুমি অক্ষরেখা বর্তমানে বিকানের, গোয়ালিয়র, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন ছত্তীসগঢ়ের উপর থাকা নিম্নচাপ এলাকার কেন্দ্র হয়ে পুরীর উপর দিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩.১ কিলোমিটার উচ্চতা পর্যন্ত এর প্রভাব রয়েছে।
উত্তরবঙ্গেও সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে হলুদ সতর্কতা না থাকলেও দক্ষিণবঙ্গে সতর্কতা জারি থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী ১৪ অগস্ট পর্যন্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পরিস্থিতি বজায় থাকতে পারে।
বজ্রপাতের সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। খোলা জায়গায় না থাকা এবং ঝড়ের সময় গাছ বা দুর্বল কাঠামোর নীচে আশ্রয় না নেওয়াই নিরাপদ।







