পশ্চিম বর্ধমান: শিয়রে বিধানসভা নির্বাচন (Assembly Election)। তার আগে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র (Pandabeswar Assembly) জুড়ে তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থী ঘোষণা নিয়ে জল্পনা তুঙ্গে। দলীয় নাম ঘোষণা হওয়ার আগেই কয়লাখনি এলাকার বিভিন্ন দেওয়ালে জোড়া ফুল প্রতীকের পাশে ভেসে উঠেছে নরেন্দ্রনাথ চক্রবর্তীর (Narendranath Chakraborty) নাম। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ফের কি শাসক দলের প্রার্থী হচ্ছেন বর্তমান বিধায়ক?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কেন্দ্রা-সহ একাধিক এলাকায় দেওয়াল লিখনে নজরে এসেছে নরেন্দ্রনাথ চক্রবর্তীর নাম। কোথাও লেখা হয়েছে, “যখন ডাকি তখনই পাই, তাই প্রার্থী হিসাবে নরেন দা কেই চাই”। এই দেওয়াল লিখন ঘিরেই ছড়িয়েছে রাজনৈতিক মহলে আলোচনা।
আরও পড়ুন: রাহুল নাকি মিঠুন, রাজ্যসভায় বঙ্গ BJP-র মুখ কে? দলের অন্দরেই বাড়ছে অস্বস্তি!
যদিও বিষয়টি নিয়ে নিজে মুখ খুলেছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, “অতি উৎসাহী হয়ে কর্মীরা আমার নাম লিখেছে। আমি তাদের দেওয়াল লিখন বন্ধ করতে বলেছি। মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবেন, তিনিই পাণ্ডবেশ্বরের প্রার্থী হবেন।” পাশাপাশি তিনি আশাবাদী, দল যাকেই প্রার্থী করুক, বিপুল ভোটে জয়লাভ করবে।
এই প্রসঙ্গে কেন্দ্রা তৃণমূল অঞ্চল সভাপতি যমুনা ধীবর জানান, দেওয়াল লিখনের মাধ্যমে কর্মীরা নরেন্দ্রনাথ বাবুকেই প্রার্থী করার আর্জি জানিয়েছেন। তাঁর কথায়, “এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে সব সময় পাওয়া যায় নরেন দাকে। সেই কারণেই কর্মীরা এই বার্তা দিয়েছেন।”
শাসক দলের স্থানীয় এক নেতা অবশ্য জানিয়েছেন, দেওয়াল লিখনে আপাতত মূল গুরুত্ব দেওয়া হচ্ছে ‘যুব সাথী’-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের প্রচারে। তবে তার পাশাপাশি কর্মীদের পক্ষ থেকে নরেন্দ্রনাথ চক্রবর্তীকেই প্রার্থী করার দাবি তোলা হয়েছে বলেও স্বীকার করেন তিনি।
সব মিলিয়ে, আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি থাকলেও দেওয়াল লিখন ঘিরে পাণ্ডবেশ্বরে রাজনৈতিক জল্পনা যে ইতিমধ্যেই জমে উঠেছে, তা বলাই বাহুল্য।
দেখুন আরও খবর:







