ওয়েব ডেস্ক: ভারতীয় তারকাদের বিয়েতে সাধারণত নজর কাড়েন বধূই। তবে বিজয় দেবরকোন্ডা (Vijay Deverakonda) ও রশ্মিকা মন্দানার (Rashmika Mandana) বিয়েতে ছবিটা যেন উল্টো। বিয়ের মণ্ডপে বধূ নয়, বর বিজয়ের সাজই হয়ে উঠেছে চর্চার কেন্দ্রবিন্দু। তাঁর পোশাক ও অলঙ্কার দেখে অনেকেরই মনে হয়েছে যেন মন্দিরের কোনও বিগ্রহ জীবন্ত হয়ে হাজির হয়েছেন।
বলিউডের (Bollywood) প্রচলিত শেরওয়ানি, কুর্তা বা জোধপুরি স্যুটের বদলে বিজয় বেছে নিয়েছিলেন সম্পূর্ণ ঐতিহ্যবাহী দক্ষিণী সাজ। পরনে সাদা ধুতি, সঙ্গে লাল উত্তরীয়- তাতেও অনুজ্জ্বল সোনালি সুতোর সূক্ষ্ম কাজ। ঊর্ধ্বাঙ্গ ছিল অনাবৃত, তবে গয়নায় ছিল ভরপুর ঐশ্বর্য। গলায় চওড়া সোনার হার, হাতে ভারী বালা, বাহুতে বাজুবন্ধ, কানে বড় দুল, কোমরে সোনার কোমরবন্ধ এবং পায়ে খাড়ু। সব মিলিয়ে যেন দেবমূর্তির আভা।
আরও পড়ুন: প্রসেনজিৎ, শুভশ্রীর সঙ্গে যিশুর ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে আসছে অভিমান
সবচেয়ে চমক ছিল তাঁর হাতে ও পায়ে আলতা। সাধারণত কনের সাজে দেখা যায় এই রীতি, কিন্তু বিজয়ও আলতায় রাঙিয়েছিলেন হাত-পায়ের আঙুল। ভেজা চুল ব্যাকব্রাশ করে আঁচড়ানো, কপালে তিলক ও বাঁধা ছিল ‘বাসিকম’, তেলুগু বিয়ের একটি গুরুত্বপূর্ণ অলঙ্কার, যা হলুদ সুতোয় বাঁধা সোনার তাবিজের মতো এবং দাম্পত্য বন্ধনের প্রতীক। এই ঐতিহ্যবাহী সাজেই ঘোড়ায় চড়ে বিয়ের মণ্ডপে আসেন বিজয়। সাদা গোলাপের সাজ আর মুখে অনাবিল হাসি। সব মিলিয়ে অন্যরকম এক রাজকীয় আবহ।
রশ্মিকা ইনস্টাগ্রামে বিজয়ের ছবি পোস্ট করে লিখেছেন, “I am so, so, so excited to becoming your wife…” অর্থাৎ তাঁর স্ত্রী হতে পেরে এবং আগামী দিনে ‘তোমার স্ত্রী’ হিসেবে পরিচিত হতে পেরে তিনি ভীষণ উচ্ছ্বসিত। এই বিয়েতে তাই ফ্যাশনের সংজ্ঞাই যেন নতুন করে লিখলেন বিজয় দেবরকোন্ডা।







