ওয়েব ডেস্ক : ৫ জুলাই সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu) সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ (kolkata Police)। এই সময় কোনও ব্যক্তিগত গাড়ি, বাস, ট্যাক্সি বা পণ্যবাহী যান সেতুর উপর দিয়ে চলাচল করতে পারবে না। সেতুর জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে ইতিমধ্যেই বিস্তারিত ট্র্যাফিক বিজ্ঞপ্তি (Traffic Notice) প্রকাশ করেছে লালবাজার।
লালবাজার সূত্রে খবর, হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (এইচআরবিসি) সেতুর স্টে কেবল, হোল্ডিং-ডাউন কেবল এবং বেয়ারিং বদলের কাজ করবে। এই ধরনের প্রকৌশলগত কাজের সময় নিরাপত্তার স্বার্থে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা প্রয়োজন। তাই আগাম বিজ্ঞপ্তি জারি করে নাগরিকদের সতর্ক করেছে কলকাতা পুলিশ (kolkata Police) ।
আরও খবর : পুকুর দখল করেছিলেন হুমায়ূন, মাছ বাজেয়াপ্ত করে গ্রামবাসীদের মধ্যে বিলি পুলিশের
বিদ্যাসাগর সেতু বন্ধ থাকায় শহরের ট্র্যাফিক চাপ সামাল দিতে একাধিক রুটে বিশেষ ডাইভারশন চালু করা হবে। এজেসি বোস রোড, খিদিরপুর, কেপি রোড ও হেস্টিংসমুখী যানবাহনকে হাওড়া ব্রিজ, স্ট্র্যান্ড রোড, রেড রোড-সহ বিকল্প পথ ব্যবহার করতে হবে। পরিস্থিতি অনুযায়ী শহরের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হবে। যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ কর্মীও মোতায়েন থাকবে।
প্রশাসনের তরফে যাত্রীদের অনুরোধ করা হয়েছে, যাঁদের ওই দিন কলকাতা (Kolkata) ও হাওড়ার (Howrah) মধ্যে যাতায়াতের পরিকল্পনা রয়েছে, তাঁরা যেন আগে থেকেই বিকল্প রাস্তা ঠিক করে নেন। বিশেষ করে বিমানবন্দরগামী, দূরপাল্লার বাসযাত্রী, অফিসযাত্রী ও পণ্যবাহী গাড়ির চালকদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের আশা, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে সন্ধ্যা ৬টার পর ফের স্বাভাবিক হবে বিদ্যাসাগর সেতুর যান চলাচল।
দেখুন অন্য খবর :







