কলকাতা: সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং সুস্পষ্ট নিম্নচাপের জোড়া প্রভাবে শুক্রবার থেকেই কার্যত বৃষ্টিতে ভিজছে গোটা পশ্চিমবঙ্গ (Weather Update)। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে (Rain Forecast)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং দুই ২৪ পরগনায় দফায় দফায় ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: বিজেপিতে যোগ সুখেন্দুশেখর, প্রকাশ চিক বরাইক, সুস্মিতা দেবের
অন্যদিকে, উত্তরবঙ্গে পরিস্থিতি আরও উদ্বেগজনক। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পাশাপাশি কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে। পাহাড়ি এলাকায় ধস এবং নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আবহাওয়াবিদদের মতে, মৌসুমী অক্ষরেখাটি বর্তমানে অনুপগড়, রোহতক, দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশের সুস্পষ্ট নিম্নচাপ কেন্দ্র, ফুরসতগঞ্জ, দেহরি, ধানবাদ, বাঁকুড়া ও দীঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই আবহাওয়াগত পরিস্থিতির জেরেই রাজ্যজুড়ে টানা বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।







