ওয়েব ডেস্ক: এতদিন ভারতের মহাকাশ অভিযান মূলত ইসরোর (ISRO) হাত ধরেই এগিয়েছে। এবার সেই ইতিহাসে নতুন সংযোজন। দেশের প্রথম বেসরকারি সংস্থার তৈরি রকেট ‘বিক্রম ১’ (Vikram 1) সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হল। শনিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে বেলা ১২টা ৫ মিনিটে রকেটটি উৎক্ষেপণ করা হয়।
হায়দরাবাদ-ভিত্তিক সংস্থা স্কাইরুট এরোস্পেসের তৈরি ‘বিক্রম ১’ (Vikram 1) মূলত ছোট ও মাঝারি উপগ্রহকে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দেওয়ার জন্য তৈরি। সম্পূর্ণ কার্বন কম্পোজিট দিয়ে নির্মিত হওয়ায় রকেটটি প্রচলিত ধাতব রকেটের তুলনায় অনেকটাই হালকা।
আরও খবর : অবশেষে সোনম ওয়াংচুকের অনশন ভাঙাল দিল্লি পুলিশ
এই অভিযানে শুধু প্রযুক্তিগত পরীক্ষাই নয়, প্রতীকী গুরুত্বও রয়েছে। রকেটের সঙ্গে মহাকাশে পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বন্দে মাতরম’ লেখা একটি বিশেষ বার্তা। পাশাপাশি ভারতের মহাকাশ গবেষণার পথিকৃৎ বিক্রম সারাভাই, নোবেলজয়ী বিজ্ঞানী সি ভি রমন এবং প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের ক্ষুদ্র প্রতিকৃতিও এই অভিযানের অংশ হয়েছে। এছাড়া ‘এমব্রেস’ নামে একটি পরীক্ষামূলক পেলোডও পাঠানো হয়েছে, যা ভবিষ্যতে মহাকাশের আবর্জনা সরানোর প্রযুক্তি পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
রকেট উৎক্ষেপণের মুহূর্তে শ্রীহরিকোটায় উপস্থিত বিজ্ঞানী ও আধিকারিকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কাউন্টডাউন শেষ হতেই অগ্নিশিখা ছড়িয়ে আকাশের দিকে ছুটে যায় ‘বিক্রম ১’। সফল উৎক্ষেপণের পর ইসরোও এই অভিযানের ভিডিও প্রকাশ করেছে।







