ওয়েব ডেস্ক: বিদ্যুৎ চুরি এবং বেআইনি হুকিংয়ের বিরুদ্ধে নজরদারি আরও জোরদার করতে নতুন মোবাইল অ্যাপ (APP) ‘বিদ্যুৎ প্রহরী’ চালু করল রাজ্য সরকার। মঙ্গলবার বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাপটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। উদ্বোধনের পর বিদ্যুৎ দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে পরিষেবার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন তিনি।
সূত্রের খবর, সাধারণ মানুষ মোবাইলে ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপ (APP) ডাউনলোড করে কোথাও বিদ্যুৎ চুরি বা বেআইনি হুকিংয়ের ঘটনা দেখলে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পাওয়ার পর বিদ্যুৎ দফতর তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পাশাপাশি অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
আরও খবর : ‘আমার চেহারার ৫০ জন ৫০ জায়গায় থাকবে’, বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ডাক মমতার
অনুষ্ঠান থেকে বেআইনি নির্মাণ নিয়েও কড়া অবস্থানের কথা জানান মুখ্যমন্ত্রী। নির্দেশ দেওয়া হয়েছে, অনুমোদনহীন ভবন চিহ্নিত হলে সেখানে বিদ্যুৎ ও জল সংযোগ বিচ্ছিন্ন করার জন্য সংশ্লিষ্ট দফতর প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
এদিন বিকল্প শক্তির ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব আরোপ করেন শুভেন্দু অধিকারী। তিনি সাধারণ মানুষকে ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা’-য় অংশ নেওয়ার আহ্বান জানান। একই অনুষ্ঠানে সামাজিক ও উন্নয়নমূলক কাজে সহায়তার জন্য রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী জ্ঞানলোকানন্দ মহারাজের হাতে ৫ কোটি টাকার অনুদানের চেক তুলে দেয় পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা (WBSEDCL)।







