ওয়েব ডেস্ক : সোশ্যাল মিডিয়ার (Social Media) দুনিয়ায় নতুন কোনও ট্রেন্ড ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না। সম্প্রতি তেমনই একটি অদ্ভুত টোটকা নিয়ে হইচই শুরু হয়েছে। স্মার্টফোনের ব্যাক কভারের ভিতরে শুকনো তেজপাতা রেখে দিচ্ছেন বহু মানুষ। তাঁদের বিশ্বাস, এতে নাকি অর্থের আগমন ঘটে, জীবনে সাফল্য বাড়ে এবং ঘরে আসে সমৃদ্ধি। কেউ আবার দাবি করছেন, তেজপাতা (Bay Leaf) নাকি কুনজর ও নেতিবাচক শক্তি থেকেও দূরে রাখে।
তেজপাতাকে (Bay Leaf) ঘিরে এমন বিশ্বাস অবশ্য একেবারে নতুন নয়। বহু পুরনো সংস্কৃতি ও লোকাচারে এই পাতাকে সৌভাগ্য, জয় এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে দেখা হয়েছে। প্রাচীন গ্রিক ও রোমান সমাজে তেজপাতার বিশেষ মর্যাদা ছিল। বিজয়ীদের মাথায় তেজপাতার মুকুট পরানোর রীতিও প্রচলিত ছিল। সময়ের সঙ্গে সেই প্রতীকী বিশ্বাস বিভিন্ন লোকাচারের সঙ্গে মিশে যায়। কখনও মানিব্যাগে, কখনও ঘরে বা সিন্দুকে তেজপাতা রাখাকে সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখা শুরু হয়। আধুনিক সময়ে সেই ধারণাই নতুন রূপে জায়গা করে নিয়েছে স্মার্টফোনের কভারে।
আরও খবর : ইউটিউবের মনিটাইজেশনে বড় ধাক্কা! টাকা পেতে এবার দ্বিগুণ টার্গেট, নতুনদের সামনে কঠিন পরীক্ষা
কিন্তু এখানেই উঠছে আসল প্রশ্ন—ফোনের সঙ্গে তেজপাতা (Bay Leaf) রাখলে কি সত্যিই টাকা-পয়সা বাড়তে পারে? বাস্তবতা হল, এমন দাবির পক্ষে কোনও নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। তেজপাতা মূলত রান্নায় ব্যবহৃত একটি সুগন্ধি মসলা। এর নানা খাদ্যগুণ থাকলেও ফোনের কভারে রাখলে তা অর্থ আকর্ষণ করবে বা কোনও অলৌকিক পরিবর্তন ঘটাবে, এমন তথ্য বিজ্ঞানসম্মতভাবে প্রতিষ্ঠিত হয়নি।
শুধু অর্থ নয়, ফোনে তেজপাতা রাখলে নাকি নেতিবাচক শক্তি দূর হয়—এমন দাবিও ভাইরাল হয়েছে। কেউ কেউ এটিকে ‘গুড লাক চার্ম’ হিসেবেও ব্যবহার করছেন। কিন্তু স্মার্টফোনের ইলেকট্রনিক সিগন্যাল বা প্রযুক্তিগত কার্যকলাপ থেকে কোনও অদৃশ্য নেতিবাচক শক্তি তেজপাতা শুষে নেয়, এমন কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। ফলে এই দাবিগুলিকে সত্যি হিসেবে গ্রহণ করার আগে সতর্ক থাকা জরুরি।
তবে নিজের বিশ্বাস বা নিছক মজার জন্য কেউ ফোনের কভারে তেজপাতা রাখতেই পারেন। কিন্তু সেটিকে অর্থনৈতিক সাফল্যের নিশ্চিত উপায় ভাবা ঠিক হবে না। উল্টে শুকনো পাতাটি ভেঙে গেলে তার গুঁড়ো ও টুকরো ফোনের কভারের ভিতরে জমতে পারে। ধুলোবালির সঙ্গে মিশে ফোনের পিছনের অংশে ঘর্ষণ তৈরি হলে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনাও রয়েছে। সবশেষে মনে রাখা দরকার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কোনও টোটকা মানেই তা সত্যি নয়। তেজপাতা রান্নার স্বাদ বাড়াতে পারে, কিন্তু আপনার ব্যাঙ্ক ব্যালান্স বাড়ানোর কোনও জাদুকাঠি নয়। জীবনে আর্থিক উন্নতি আনতে প্রয়োজন পরিকল্পনা, পরিশ্রম, সঞ্চয় এবং সঠিক সিদ্ধান্ত—ভাইরাল কোনও টোটকা নয়।







