HomeScrollছেঁড়া ১০ টাকার নোট নিয়ে বিবাদ, মারধরের অভিযোগ! মৃত্যুর আগে ভিডিওতে কী...
Delhi Delivery Worker Death

ছেঁড়া ১০ টাকার নোট নিয়ে বিবাদ, মারধরের অভিযোগ! মৃত্যুর আগে ভিডিওতে কী বলেছিলেন ডেলিভারি কর্মী?

দিল্লিতে ২৪ বছরের ডেলিভারি কর্মী সমীর হুসেনের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। ছেঁড়া নোট বদলাতে চাওয়ায় মারধরের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ওয়েব ডেস্ক : মাত্র ১০ টাকার একটি ছেঁড়া নোট। তা বদলে দেওয়ার অনুরোধকে কেন্দ্র করে শুরু হয়েছিল বিবাদ। আর সেই ঘটনাকে ঘিরেই দিল্লিতে (Delhi) এক ডেলিভারি কর্মীর মৃত্যুর ঘটনায় উঠেছে গুরুতর অভিযোগ। মৃতের নাম সমীর হুসেন। বয়স ২৪ বছর। পূর্ব দিল্লির বিনোদ নগর এলাকায় একটি অর্ডার পৌঁছে দিতে গিয়ে তিনি হেনস্থার শিকার হয়েছিলেন বলে অভিযোগ। মৃত্যুর আগে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিবরণ দিয়ে একটি ভিডিও রেকর্ড করেছিলেন তিনি। সেই ভিডিও সামনে আসতেই ঘটনাটি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৪ অক্টোবর একটি কফির অর্ডার পৌঁছে দিতে গিয়েছিলেন সমীর। অভিযোগ, টাকা মেটানোর সময় তাঁকে একটি ছেঁড়া ১০ টাকার নোট দেওয়া হয়। নোটটি বদলে দেওয়ার অনুরোধ জানালে ক্রেতার সঙ্গে তাঁর বচসা শুরু হয়। সমীরের দাবি ছিল, নোটটি গ্রহণ করা সম্ভব নয়। অর্ডার বাতিল করার প্রস্তাবও দিয়েছিলেন তিনি। কিন্তু অভিযোগ, সেই সময় তাঁকে অপমান করা হয়।

আরও খবর :  অরুণাচল সীমান্তে চীনা সেনার সঙ্গে ফের মুখোমুখি ভারতীয় জওয়ানরা!

সমীরের রেকর্ড করা ভিডিওতে তিনি অভিযোগ করেন, বিবাদের মধ্যে আরও এক ব্যক্তি সেখানে এসে তাঁকে একাধিকবার চড় মারেন। তাঁর আর্থিক অবস্থা নিয়েও কটাক্ষ করা হয়েছিল বলে দাবি করেন তিনি। ঘটনার পর পুলিশে অভিযোগ জানিয়েছিলেন সমীর। কিন্তু এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

পুলিশের বক্তব্য অনুযায়ী, ৫ অক্টোবর বিষাক্ত পদার্থ গ্রহণের পর সমীরকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘ চিকিৎসার পর ২০ অক্টোবর তাঁর মৃত্যু হয়। মৃত্যুর এক দিন পরেই তাঁর ২৪তম জন্মদিন ছিল বলে পরিবারের সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় রাকেশ ওরফে বন্টি এবং রামপাল সিং নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সমীরের মৃত্যুর পর মামলায় আত্মহত্যায় প্ররোচনার ধারাও যুক্ত করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে।

পরিবারের দাবি, অসুস্থ বাবাকে সাহায্য করতে এবং নিজের পড়াশোনার জন্য টাকা জমাতে ডেলিভারির কাজ শুরু করেছিলেন সমীর। তাঁর মৃত্যুর ঘটনায় ন্যায়বিচারের দাবি উঠেছে। সামান্য টাকার বিবাদ কীভাবে এমন মর্মান্তিক পরিণতির দিকে গড়াল, তা নিয়েই এখন প্রশ্ন উঠছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News