HomeScrollসার্বিয়ার সংসদ নির্বাচনে এগিয়ে ‘স্টুডেন্ট লিস্ট’, হার স্বীকার ভুচিচের
Serbia Election

সার্বিয়ার সংসদ নির্বাচনে এগিয়ে ‘স্টুডেন্ট লিস্ট’, হার স্বীকার ভুচিচের

দুর্নীতির অভিযোগ ঘিরে শুরু হওয়া আন্দোলনের নির্বাচনী সাফল্য, সংসদের ২৫০ আসনের মধ্যে ১৩৫ থেকে ১৪০টি আসন পেতে পারে ছাত্রসমর্থিত গোষ্ঠী

ওয়েব ডেস্ক : দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্যে ধাক্কা। সার্বিয়ায় (Serbia) আগাম সংসদ নির্বাচনে ছাত্র আন্দোলনের সমর্থনপুষ্ট ‘স্টুডেন্ট লিস্ট’-এর কাছে পরাজয় স্বীকার করল আলেকজ়ান্ডার ভুচিচের সার্বিয়ান ( Aleksandar Vucic) প্রোগ্রেসিভ পার্টি। রবিবার প্রাথমিক ফল প্রকাশের পর ভুচিচ নিজেই জানান, নির্বাচনে তাঁদের হার স্পষ্ট। তাঁর দলের তুলনায় অনেক বেশি ভোট পেয়েছে ছাত্রসমর্থিত প্রার্থীরা।

প্রাথমিক হিসাব অনুযায়ী, ২৫০ আসনের সংসদে ‘স্টুডেন্ট লিস্ট’ ১৩৫ থেকে ১৪০টি আসন পেতে পারে। অন্যদিকে ভুচিচের দলের ঝুলিতে যেতে পারে ১০৫টি আসন। ফল সামনে আসতেই রাজধানী বেলগ্রেড-সহ বিভিন্ন শহরে উচ্ছ্বাসে ফেটে পড়েন আন্দোলনের সমর্থকেরা। রাস্তায় নেমে চলে উদ্‌যাপন।

এই নির্বাচনী সাফল্যের পিছনে রয়েছে প্রায় দু’বছরের ছাত্র আন্দোলন। ২০২৪ সালে নোভি সাদ রেলস্টেশনের সামনে একটি ছাউনি ভেঙে ১৬ জনের মৃত্যু হয়। দুর্নীতি ও প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে শুরু হয় প্রতিবাদ। ধীরে ধীরে সেই আন্দোলন সরকারের বিরুদ্ধে বৃহত্তর অসন্তোষের চেহারা নেয়। শেষ পর্যন্ত রাজপথের প্রতিবাদ ভোটের লড়াইয়ে পরিণত হয়।

আরও খবর :  ব্রাজিলে ফের লুলা-যুগ! চতুর্থবার প্রেসিডেন্ট নির্বাচিত বামপন্থী নেতা

তবে ‘স্টুডেন্ট লিস্ট’-এর প্রার্থীরা সকলেই ছাত্র নন। ছাত্র সংগঠনগুলির সমর্থনে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ এই তালিকায় জায়গা পেয়েছেন। চিকিৎসক, অভিনেতা, শিক্ষাবিদ এবং কৃষকদের মতো নানা পেশার প্রতিনিধিরা রয়েছেন প্রার্থী তালিকায়। এই গোষ্ঠীর অন্যতম প্রধান মুখ ৫৬ বছর বয়সি হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইলিজা সরডানোভিচ।

দুর্নীতি মোকাবিলা, আইনের শাসন প্রতিষ্ঠা, সরকারি প্রতিষ্ঠানে দলীয় প্রভাব কমানো এবং শিক্ষাক্ষেত্রে উন্নতির মতো বিষয়কে সামনে রেখেই প্রচার চালিয়েছে আন্দোলনকারীদের সমর্থিত গোষ্ঠী। তবে নির্বাচনে সাফল্যের পর নতুন সরকার কে গঠন করবেন এবং আন্দোলনের প্রতিশ্রুতিগুলি কীভাবে বাস্তবায়িত হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

সার্বিয়ার এই ফল এমন এক সময়ে সামনে এল, যখন ইউরোপের একাধিক দেশে শিক্ষা, জীবনযাত্রার খরচ এবং সরকারি নীতির প্রতিবাদে তরুণদের আন্দোলন দেখা যাচ্ছে। ফ্রান্স, ইতালি, আলবেনিয়া, জার্মানি, অস্ট্রিয়া ও গ্রিসেও বিভিন্ন দাবিতে বিক্ষোভ হয়েছে। তবে প্রতিটি দেশের আন্দোলনের দাবি ও রাজনৈতিক প্রেক্ষাপট আলাদা।

[youtube-feed feed=1]
Read More

Latest News