ওয়েব ডেস্ক : পঞ্জাবের জলন্ধরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল জনপ্রিয় গায়ক হানি সিংয়ের (Honey Singh) ভাইপো বিদিত ওলকের। একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁর বন্ধু আরব তালওয়ারও। রবিবার ভোরে বন্ধুর জন্মদিনের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। বিদিতের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকপ্রকাশ করেছেন হানি সিং। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভাইপোর প্রয়াণে শোকের কথা জানিয়েছেন তিনি। বিদিতের বাবা দীনেশ ওলক পঞ্জাবি সঙ্গীত সংস্থা স্পিড রেকর্ডসের মালিক। অন্যদিকে, দুর্ঘটনায় মৃত আরব তালওয়ার পাপ্পি সুইটসের মালিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জলন্ধরের পুলিশ লাইনস এলাকার কাছে একটি উড়ালপুলে দুর্ঘটনাটি ঘটে। জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার সময় তাঁদের ভক্সওয়াগেন গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্র্যাক্টর-ট্রলিতে সজোরে ধাক্কা মারে। বরাদরি থানার পুলিশ আধিকারিক সাহিল চৌধুরী জানিয়েছেন, রবিবার রাত প্রায় ৩টে নাগাদ দুর্ঘটনার খবর পায় পুলিশ। সেই সময় পুরসভার সাফাইকর্মীরা উড়ালপুলে পরিষ্কারের কাজ করছিলেন। আবর্জনা সংগ্রহের জন্য ট্র্যাক্টর-ট্রলিটি সেখানে দাঁড় করানো ছিল।
আরও খবর : রাজ্যে পালাবদলের পর ফেডারেশনে প্রথম নির্বাচন, এসআইআরের প্রভাব টলিপাড়ার ভোটার তালিকাতেও!
গাড়িটি বিএমসি চৌক থেকে বিএসএফ চৌকের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার সময় ভক্সওয়াগেনে মোট পাঁচজন ছিলেন বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। তাঁদের মধ্যে বিদিত ও আরবের মৃত্যু হয়। বাকি তিনজন আগেই বাড়ি ফিরে গিয়েছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যদের হাতে দেহ তুলে দেওয়া হয়। পরিবারের তরফে আর কোনও আইনি পদক্ষেপে আগ্রহ প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
ভাইপোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হানি সিং। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, “এটা আমার জীবনের এক অন্ধকার দশক। ভাইপোকে হারানোর যন্ত্রণা অসহনীয়।” একই সঙ্গে ভগবান শিবের কাছে প্রার্থনাও জানিয়েছেন গায়ক।







