ওয়েব ডেস্ক : আটলান্টিক পেরিয়ে দাস ব্যবসায় ব্রিটেনের (Britain) ঐতিহাসিক ভূমিকা নিয়ে এবার আনুষ্ঠানিক ভাবে ক্ষমা চাওয়ার সম্ভাবনা খতিয়ে দেখতে রাজি হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম (Andy Burnham)। তবে অতীতের এই অপরাধের জন্য ক্যারিবীয় দেশগুলিকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি তিনি মানতে নারাজ। তাঁর বক্তব্য, বর্তমান প্রজন্মের ব্রিটিশ নাগরিকদের অতীতের ঐতিহাসিক অন্যায়ের জন্য দায়ী করা যায় না।
কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ক্যারিবীয় অঞ্চলে যাওয়ার আগে বার্নহ্যাম জানান, ইতিহাসের অস্বস্তিকর অধ্যায়গুলি এড়িয়ে না গিয়ে সেগুলির মুখোমুখি হওয়া প্রয়োজন। দাস ব্যবসার ফলে লক্ষ লক্ষ মানুষের যে যন্ত্রণা ও দুর্ভোগ হয়েছিল, তার জন্য দুঃখ ও অনুশোচনা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে এই ইতিহাস বর্তমান বিশ্বকেও কী ভাবে প্রভাবিত করছে, তা স্বীকার করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সরকারি ভাবে ক্ষমা চাওয়ার দাবিকে আলোচনার গুরুত্বপূর্ণ অংশ বলে উল্লেখ করে তিনি জানান, বিষয়টি নিয়ে কথা বলতে তিনি প্রস্তুত।
বার্নহ্যামের মতে, দাস ব্যবসা ছিল মানবাধিকারের উপর এক নির্মম আঘাত। তবে তাঁর যুক্তি, অন্য এক যুগে এবং ভিন্ন আইনি ব্যবস্থার অধীনে ঘটে যাওয়া ঘটনার জন্য আজকের ব্রিটিশ নাগরিকদের ব্যক্তিগত ভাবে দায়ী করা ঠিক নয়। তাই ক্ষতিপূরণের পরিবর্তে সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে কাঠামোবদ্ধ আলোচনার উপর জোর দিয়েছেন তিনি।
আরও খবর : জার্মানিতে জেন জি-র বিক্ষোভ ঘিরে তাণ্ডব!
এদিকে, কমনওয়েলথের দরিদ্রতম সদস্য দেশগুলির ঋণের বোঝা কমাতে নতুন উদ্যোগের কথাও জানিয়েছেন বার্নহ্যাম। প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের নেতৃত্বে ঋণ পুনর্গঠনের একটি কর্মসূচি চালু করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দেশগুলিকে দীর্ঘ সময় ধরে এবং তুলনামূলক সুবিধাজনক সুদে ঋণ পরিশোধের সুযোগ করে দিতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে ব্রিটেন।
ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ন’দিনের ক্যারিবীয় সফরেও দাসপ্রথার অতীত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। বাহামাসে সফরকালে তিনি অতীতের গভীর দুর্ভোগের কথা স্বীকার করেন। পরে গায়ানায় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে স্থানীয় বাসিন্দাদের মৃত্যুদণ্ড কার্যকর করার একটি স্থান পরিদর্শন করেন রাজা। ৫৬টি দেশের সংগঠন কমনওয়েলথের সদস্যদের মধ্যে ব্রিটেনের প্রাক্তন উপনিবেশগুলির সংখ্যাই বেশি। ফলে দাস ব্যবসা ও ঔপনিবেশিক শাসনের ঐতিহাসিক দায় নিয়ে সংগঠনের ভিতরে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে।
অন্যদিকে, দাসপ্রথার জন্য আনুষ্ঠানিক ক্ষমা ও ক্ষতিপূরণের দাবিতে সরব হয়েছে ক্যারিবীয় দেশগুলির পক্ষে কাজ করা বিভিন্ন সংগঠন। ‘দ্য রিপেয়ার ক্যাম্পেন’-এর প্রতিষ্ঠাতা ডেনিস ও’ব্রায়েনের বক্তব্য, পূর্ণাঙ্গ সরকারি ক্ষমা চাওয়াই হতে পারে ঐতিহাসিক অন্যায়ের প্রতিকার প্রক্রিয়ার প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে ব্রিটেনের বিরোধী কনজারভেটিভ নেত্রী কেমি বেডেনক দাবি করেছেন, নতুন করে ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। তাঁর মতে, দাস ব্যবসায় বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ যুক্ত ছিল এবং কমনওয়েলথের উচিত অতীতের বিতর্কে আটকে না থেকে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া।







