ওয়েব ডেস্ক : বিমানের টিকিটের দাম নিয়ে যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগের মধ্যেই নতুন নিয়ম আনল কেন্দ্রীয় সরকার। এবার বিশেষ পরিস্থিতিতে বিমান ভাড়ার ক্ষেত্রে সরাসরি হস্তক্ষেপ করতে পারবে কেন্দ্র। তবে সাধারণ সময়ের জন্য টিকিটের দামে কোনও নির্দিষ্ট ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়নি। ‘ভারতীয় বিমানযান নিয়ম ২০২৬’ নামে নতুন বিধি (New Airfare Rules 2027) ৩১ অক্টোবর সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে তা কার্যকর হবে।
নতুন বিধির ১৯২ নম্বর ধারায় বলা হয়েছে, জনস্বার্থে কোনও অসাধারণ পরিস্থিতি তৈরি হলে কেন্দ্র লিখিত নির্দেশ জারি করতে পারবে। সেই নির্দেশ পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং নির্দিষ্ট সময়ের জন্যই কার্যকর থাকবে। তবে কোন পরিস্থিতিকে অসাধারণ বলে বিবেচনা করা হবে, তার নির্দিষ্ট সংজ্ঞা বা কোনও নির্দিষ্ট আর্থিক মাপকাঠি উল্লেখ করা হয়নি। অর্থাৎ, প্রতিটি টিকিটের দাম নির্ধারণে সরকার নিয়মিত হস্তক্ষেপ করবে না।
আরও খবর : অন্ধ্রের উপকূলে ঘূর্ণিঝড় ‘মুরাসু’র চোখরাঙানি, বাংলার কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?
নতুন নিয়মে বিমান সংস্থাগুলির ভাড়া নির্ধারণের ক্ষেত্রেও স্বচ্ছতা বাড়ানোর কথা বলা হয়েছে। পরিচালন খরচ-সহ বিভিন্ন বিষয় বিবেচনা করে ভাড়া ঠিক করতে হবে সংস্থাগুলিকে। নির্ধারিত নিয়ম অনুযায়ী, ডিজিসিএ-র কাছে ভাড়ার বিবরণ জমা দিতে হবে এবং নিজেদের ওয়েবসাইট বা ডিজিটাল মাধ্যমে তা প্রকাশ করতে হবে। টিকিট বুকিংয়ের সময় যাত্রীদের মোট কত টাকা দিতে হবে, তা স্পষ্টভাবে জানাতে হবে। মূল ভাড়া, কর, অতিরিক্ত পরিষেবা মাশুল, টিকিট বাতিলের খরচ এবং টাকা ফেরতের শর্ত আলাদা করে উল্লেখ করতে হবে।
উল্লেখ্য, বিমানের অতিরিক্ত ভাড়া নিয়ে সুপ্রিম কোর্টে চলা মামলার প্রেক্ষাপটেও এই নতুন বিধি গুরুত্বপূর্ণ। গত ১৬ অক্টোবর আদালতে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছিলেন, নতুন নিয়ম প্রশাসনিক অনুমোদন পেয়েছে। কেন্দ্রকে ১৬ নভেম্বরের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত বিধি আদালতে জমা দেওয়ার নির্দেশও দিয়েছিল শীর্ষ আদালত। ১৯৯৪ সাল থেকে ভারতে বিমান ভাড়া নির্ধারণের ক্ষেত্রে মূলত বাজারের উপর নির্ভর করে আসছে বিমান সংস্থাগুলি। নতুন বিধি কার্যকর হলে বিশেষ পরিস্থিতিতে কেন্দ্রের হস্তক্ষেপের সুযোগ তৈরি হবে। তবে সাধারণ বাজার ব্যবস্থায় ভাড়া নির্ধারণের স্বাধীনতা বহাল থাকছে।







