HomeScrollচোরবাগানের বিপর্যয় থেকে শিক্ষা, কালীপুজোয় বড় সতর্কতা লালবাজারের! মণ্ডপে রাখতে হবে ‘ইভাকুয়েশন...
Kali Puja 2026

চোরবাগানের বিপর্যয় থেকে শিক্ষা, কালীপুজোয় বড় সতর্কতা লালবাজারের! মণ্ডপে রাখতে হবে ‘ইভাকুয়েশন প্ল্যান’

কলকাতা: চোরবাগানের মর্মান্তিক পদপিষ্টের ঘটনা থেকে শিক্ষা নিয়ে কালীপুজোয় বাড়তি সতর্ক কলকাতা পুলিশ। উৎসবের মরশুমে শহরের কোনও মণ্ডপেই যাতে ফের এমন বিপর্যয় না ঘটে, তার জন্য আগেভাগেই একগুচ্ছ নির্দেশিকা জারি করল লালবাজার। প্রত্যেক কালীপুজো কমিটিকে তৈরি রাখতে হবে আপৎকালীন পরিস্থিতিতে দর্শনার্থীদের নিরাপদে বের করে আনার পরিকল্পনা বা ‘এমার্জেন্সি ইভাকুয়েশন প্ল্যান’।

পুলিশ কমিশনার অজয় নন্দার নির্দেশ, মণ্ডপে ভিড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না। দর্শনার্থীদের উদ্দেশে মাইকে কোনও ঘোষণা করতে হলে পুলিশের সঙ্গে সমন্বয় রেখেই তা করতে হবে। প্রয়োজনে পুলিশের উপস্থিতিতেই ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়েছে। চোরবাগানে ভুল ঘোষণাকে কেন্দ্র করে বিপর্যয় ঘটেছিল। সেই অভিজ্ঞতা থেকেই এবার বিশেষ সতর্কতা।

মণ্ডপের প্রবেশ ও বেরনোর পথ নিয়েও রয়েছে নির্দিষ্ট নির্দেশ। পুলিশের পরামর্শ, প্রবেশপথের তুলনায় বেরনোর পথের প্রস্থ রাখতে হবে দ্বিগুণ। যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত দর্শনার্থীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া যায়, সেই ব্যবস্থা করতে হবে উদ্যোক্তাদের। প্রয়োজনে আগাম পরিকল্পনা পুলিশের কাছেও জমা দিতে হবে।

বৃষ্টির সময়ও বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে লালবাজার। বৃষ্টি শুরু হলে মণ্ডপে নতুন করে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেই ফের প্রবেশের অনুমতি দেওয়া যাবে।

এ বছর কলকাতায় মোট ৩৪৪২টি কালীপুজো হচ্ছে। সোমবার ধনধান্য অডিটোরিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে এই নির্দেশগুলি দেওয়া হয়। আগামী ১০ থেকে ১২ নভেম্বরের মধ্যে কালীপ্রতিমা বিসর্জন সম্পন্ন করতে হবে।

এ ছাড়াও রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত শুধুমাত্র পরিবেশবান্ধব সবুজ বাজি ফাটানো যাবে। লাউডস্পিকার ও সাউন্ড বক্স ব্যবহারের অনুমতি সকাল ৭টা থেকে ১১টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত। বিসর্জনের শোভাযাত্রায় শব্দবাজি ও ডিজে নিষিদ্ধ করা হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News