ওয়েব ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে তৃণমূলের একটি কার্যালয় থেকে উদ্ধার হল ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা। মঙ্গলবার রাতে সরিষায় ওই কার্যালয়ে তল্লাশি চালায় ডায়মন্ড হারবার পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মজুমদারের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে জেরা করেই এই টাকার সন্ধান পাওয়া যায়।
পুলিশের দাবি, কালীতলা আশুতি থানার মাটি চুরির মামলায় সুমিতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই সূত্র ধরেই সরিষায় অভিযান চালানো হয়। তবে উদ্ধার হওয়া টাকার উৎস কী, কার নির্দেশে সেখানে এত নগদ রাখা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। কার্যালয়টি কে পরিচালনা করতেন, সেটিও খতিয়ে দেখছে পুলিশ
আরও খবর : সুন্দরবনে ডেঙ্গুর বাড়বাড়ন্ত, কাকদ্বীপে এক মাসে আক্রান্ত প্রায় দ্বিগুণ
অন্যদিকে, তৃণমূলের দাবি, ওই বাড়িটি ২০২৩ সালে তিন বছরের জন্য ইজারা নেওয়া হয়েছিল। গত ২১ মে সেখানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সেই বিষয়ে পুলিশে অভিযোগও জানানো হয়েছিল। দলের বক্তব্য, ঘটনার পর বাড়িটি মালিককে ফিরিয়ে দেওয়া হয়।
শালবনির জমি সংক্রান্ত মামলার পাশাপাশি কালীতলা আশুতি থানার মাটি চুরির মামলাতেও অভিযুক্ত সুমিত রায়। শালবনির মামলায় তিনি আগে থেকেই জেল হেফাজতে ছিলেন। গত শনিবার তাঁকে অন্য মামলায় হেফাজতে নেয় পুলিশ। আদালত তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। সেই জেরার সূত্রেই ডায়মন্ড হারবারে নগদ উদ্ধারের ঘটনা সামনে এসেছে বলে পুলিশের দাবি। এখন উদ্ধার হওয়া টাকার উৎস এবং মামলার সঙ্গে তার যোগ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।







