ওয়েব ডেস্ক : সাত বছরের পুরনো শত্রুতার জেরে প্রকাশ্য রাস্তায় নৃশংস হত্যাকাণ্ডের সাক্ষী থাকল রাজস্থানের জয়পুর (Jaipur)। গাড়ি দিয়ে ধাক্কা মেরে এক ব্যক্তির পথ আটকানো হয়। প্রাণ বাঁচাতে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেও শেষরক্ষা হয়নি তাঁর। কয়েকজন হামলাকারী তাঁকে ধাওয়া করে ঘিরে ধরে। এরপর কুড়ুল ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়। নিহতের নাম বিজয় বাজিয়া। বুধবার রাতে করধনি থানা এলাকার জগদম্বা নগরে ঘটনাটি ঘটে। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজয় নিজের ফরচুনার গাড়িতে জয়পুরের দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি ক্যাম্পার গাড়িতে থাকা চার থেকে ছয়জন তাঁর গাড়ির পিছনে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে গাড়ি থামতেই বিজয় বাইরে বেরিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু হামলাকারীরা তাঁকে ধাওয়া করে ধরে ফেলে। এরপর লাঠি ও কুড়ুল-সহ ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালানো হয়। কয়েক মিনিটের মধ্যেই রাস্তায় লুটিয়ে পড়েন বিজয়। স্থানীয় বাসিন্দাদের একাংশ গোটা ঘটনার ছবি মোবাইলে রেকর্ড করেন।
আরও খবর : মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে ফের বিশেষ অধিবেশনের পরিকল্পনা! ৩৬১ ভোটের অঙ্ক মেলাতে মরিয়া কেন্দ্র
তদন্তে উঠে এসেছে, এই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে ২০১৯ সালের একটি খুনের ঘটনা। পুলিশি সূত্রের দাবি, ওই বছর কৈলাশ নামে এক ব্যক্তিকে খুনের অভিযোগ ছিল বিজয়ের বিরুদ্ধে। কৈলাশের ছেলে হানিশ গোলিয়া বাবার মৃত্যুর বদলা নিতেই এই হামলার পরিকল্পনা করে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। পুরনো বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছিল। সেই শত্রুতাই শেষ পর্যন্ত ভয়াবহ হত্যাকাণ্ডের রূপ নেয় বলে পুলিশের অনুমান।
ঘটনার পর অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে জয়পুর পুলিশ। বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি চালানোর পাশাপাশি সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের করা ভিডিও খতিয়ে দেখা হয়। শেষ পর্যন্ত হানিশ গোলিয়া-সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম হানিশ গোলিয়া, যুবরাজ চৌধুরী, দিনেশ এবং কমলেশ বলে জানা গিয়েছে। এই হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।







