ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশে আগামী বছরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তরুণ ভোটারদের মন জয়ের লক্ষ্যে সক্রিয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রবিবার লখনউয়ের একটি সরকারি অনুষ্ঠানে ৫০ হাজার পড়ুয়ার হাতে ট্যাবলেট তুলে দেন তিনি। একই মঞ্চ থেকে নিজের সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি তীব্র আক্রমণ শানান সমাজবাদী পার্টি এবং দলের নেতা অখিলেশ যাদবের বিরুদ্ধে।
আদিত্যনাথের দাবি, আধুনিক প্রযুক্তির সঙ্গে পড়ুয়াদের পরিচিত করা এবং উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ। তাঁর বক্তব্য, বর্তমান প্রজন্ম নিজেদের প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে চায়। সেই পথ সহজ করতে প্রয়োজন আধুনিক সুযোগ-সুবিধা। কিন্তু আগের সমাজবাদী পার্টির সরকার তরুণদের ভবিষ্যতের কথা না ভেবে পরিবারকেন্দ্রিক রাজনীতিতেই ব্যস্ত ছিল।
মুখ্যমন্ত্রী আরও জানান, তাঁর সরকারের আমলে ইতিমধ্যেই ৬০ লক্ষেরও বেশি তরুণের হাতে স্মার্টফোন ও ট্যাবলেট তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি গত সাড়ে ন’বছরে প্রায় সাড়ে ৯ লক্ষ তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ দিন অখিলেশ যাদব এবং তাঁর কাকা শিবপাল সিংহ যাদবকেও আক্রমণ করতে ছাড়েননি যোগী। সমাজবাদী পার্টির আমলে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে স্বচ্ছতার অভাব ছিল বলে অভিযোগ করেন তিনি। তাঁর কটাক্ষ, সেই সময়ে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হলেই শুরু হয়ে যেত ঘুষ এবং সুপারিশের খেলা। কাকা-ভাইপোর জুটিকে নিশানা করে আদিত্যনাথের অভিযোগ, যোগ্যতার পরিবর্তে আর্থিক লেনদেন ও রাজনৈতিক পরিচয়ই চাকরি পাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা নিত।
নির্বাচনের আগে পড়ুয়াদের হাতে প্রযুক্তিগত সুবিধা তুলে দেওয়া এবং বিরোধীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ—দুইয়ের মাধ্যমেই রাজনৈতিক প্রচারের জমি শক্ত করতে চাইছে বিজেপি। তবে আদিত্যনাথের এই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া সমাজবাদী পার্টির তরফে পাওয়া যায় কি না, সে দিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের।







