HomeScrollমন্দিরে পশুবলি নিষিদ্ধ, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট
Supreme Court

মন্দিরে পশুবলি নিষিদ্ধ, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

১৯৬০ সালের প্রাণীর প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইনের ২৮ নম্বর ধারা সংশোধনের দাবি জানিয়ে দায়ের হয়েছিল আবেদন

ওয়েব ডেস্ক : মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠানের নামে পশুবলি বন্ধ করার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। প্রাণীর প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইন, ১৯৬০-এর ২৮ নম্বর ধারা সংশোধনের নির্দেশ চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী শ্রুতি বিষ্ট। তবে সমস্ত যুক্তি ও বক্তব্য শোনার পর আবেদনটি খারিজ করে দিয়েছে বিচারপতিদের বেঞ্চ।

বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি আর মহাদেবন এবং বিচারপতি অপরেশ কুমার সিংয়ের বেঞ্চে মামলাটির শুনানি হয়। আবেদনে ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন প্রাণী হত্যা বন্ধ করার নির্দেশ চাওয়া হয়েছিল। পাশাপাশি, এই প্রথা বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়ার আর্জিও জানানো হয়। এ বিষয়ে কেন্দ্রীয় পশুপালন মন্ত্রকের কাছেও জবাব তলব করেছিল আদালত।

আরও খবর :  সাভারকরকে ‘অপমান’সোনিয়ার বই মহারাষ্ট্রে নিষিদ্ধ করার দাবি

আবেদনকারীর বক্তব্য ছিল, প্রাণী বলির প্রথা কিছুটা কমলেও ভারতের বিভিন্ন প্রান্তে এখনও তা চালু রয়েছে। হিমালয় অঞ্চল, উত্তর-পূর্ব ভারত, ওড়িশা ও পশ্চিমবঙ্গের কিছু অংশ, মহারাষ্ট্র এবং দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকার উদাহরণ তুলে ধরা হয় আবেদনে। শুধু ভারতেই নয়, অন্য দেশেও এই প্রথা অব্যাহত রয়েছে বলে দাবি করা হয়।

আবেদনে আরও যুক্তি দেওয়া হয়েছিল, প্রাণী হত্যা সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে বর্ণিত জীবনের অধিকারের পরিপন্থী। আবেদনকারীর বক্তব্য, জীবন কেবল মানুষের একচেটিয়া অধিকার নয়। প্রাণীদের জীবনও এই সুরক্ষার আওতায় আসা উচিত। সেই যুক্তিতে ধর্মীয় আচার-অনুষ্ঠানে পশুবলি বন্ধ করার নির্দেশ চাওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত আবেদনটি গ্রহণ করেনি সুপ্রিম কোর্ট।

[youtube-feed feed=1]
Read More

Latest News