ওয়েব ডেস্ক : ২০১৮ সালের কেপটাউন টেস্টে বল বিকৃতি কাণ্ড (Sandpaper Gate) নিয়ে আট বছর পর মুখ খুললেন ক্যামেরন ব্যানক্রফট (Cameron Bancroft )। তাঁর বিস্ফোরক দাবি, বলের উপর স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি অস্ট্রেলিয়া দলের সকলেই জানতেন। অথচ ক্যামেরায় ধরা পড়ার পর গোটা ঘটনার দায় তাঁর উপর চাপিয়ে দেওয়া হয়। ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’-এ লেখা এক দীর্ঘ কলামে দলের একাধিক সিনিয়র ক্রিকেটার এবং কোচিং স্টাফের ভূমিকা নিয়েও গুরুতর অভিযোগ তুলেছেন প্রাক্তন অজি ওপেনার।
ব্যানক্রফট স্বীকার করেছেন, ঘটনার প্রাথমিক তদন্তের সময় তিনি সম্পূর্ণ সত্যি বলেননি। তাঁর দাবি, অসম্পূর্ণ বিবরণ আড়াল করে রাখার চেয়ে সত্যি প্রকাশ করাই এখন বেশি জরুরি বলে মনে হয়েছে। গত সপ্তাহে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের সাংবাদিক বৈঠকের মন্তব্য তাঁকে নতুন করে কথা বলতে বাধ্য করেছে বলেও জানিয়েছেন তিনি। ব্যানক্রফটের কথায়, এই ঘটনায় তিনি নিজেকে ‘ক্ষুব্ধ, প্রতারিত এবং একা’ মনে করেছেন। তাঁর দাবি, ২০১৯ সালে জাস্টিন ল্যাঙ্গার কোচ থাকার সময়ের পর থেকে আর দেশের হয়ে খেলার সুযোগ পাননি। এই কাণ্ডে তাঁর ক্রিকেট কেরিয়ার ধ্বংস হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
আরও খবর : আর দেখা যাবে না সাত নম্বর জার্সি! আইপিএল থেকে অবসর মাহির, নতুন ভূমিকায় ‘থালা’
নিজের কলামে ব্যানক্রফট দাবি করেছেন, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বলের অবস্থা সামলানো এবং রিভার্স সুইং করানোর দায়িত্ব মূলত ডেভিড ওয়ার্নারের হাতে ছিল। ডারবানে প্রথম টেস্ট জেতার পর দলের মধ্যে আত্মতুষ্টি ও ঔদ্ধত্য তৈরি হয়েছিল বলে তাঁর অভিযোগ। পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টের আগে রিভার্স সুইং পাওয়ার জন্য স্যান্ডপেপার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে দাবি করেছেন তিনি। তাঁর বক্তব্য, হেড কোচ ড্যারেন লেম্যান এবং বোলিং কোচ ডেভিড সাকের বল রিভার্স সুইং করানোর কৌশল নিয়ে আলোচনার সময় উপস্থিত ছিলেন। স্টিভ স্মিথ অবশ্য এই পরিকল্পনার বাইরে থাকতে চেয়েছিলেন বলেও দাবি ব্যানক্রফটের। ওয়ার্নারের উপর ক্যামেরার নজর থাকায় শেষ পর্যন্ত কাজটি নিজের হাতে তুলে নেন তিনি। অস্বস্তি থাকলেও দলে নিজের জায়গা পাকা করার তাগিদে কাজটি করেছিলেন বলে জানিয়েছেন ব্যানক্রফট।
ব্যানক্রফটের আরও দাবি, বলের অবস্থা নিয়ে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, মিচেল মার্শ এবং উইকেটকিপার টিম পেইনের সঙ্গে তাঁর আলোচনা হয়েছিল। বলের উপর তাঁর কাজ কতটা কার্যকর হচ্ছে, তা নিয়ে বোলাররা নিয়মিত মতামত দিতেন বলে দাবি তাঁর। কেপটাউন টেস্টেও সেই পরিকল্পনা চলেছিল। সাকের তাঁকে আরও কিছু করার কথা বলেছিলেন বলেও অভিযোগ করেছেন ব্যানক্রফট। ক্যামেরায় ধরা পড়ার পর রিজার্ভ খেলোয়াড় পিটার হ্যান্ডসকম্ব মাঠে এসে স্যান্ডপেপার সরিয়ে নেওয়ার নির্দেশ পেয়েছিলেন বলে দাবি তাঁর। এই ঘটনার পর স্মিথের সাংবাদিক বৈঠক নিয়েও অনুশোচনা প্রকাশ করেছেন ব্যানক্রফট। তাঁর অভিযোগ, বিদেশি বস্তুটি যে স্যান্ডপেপার, তা স্বীকার না করার জন্য তাঁদের উপর চাপ ছিল। দলের বৈঠকেও কেউ বলেননি যে তাঁরা বিষয়টি জানতেন না। তাই শেষ পর্যন্ত তাঁকেই গোটা দলের বলির পাঁঠা হতে হয়েছে বলে দাবি করেছেন তিনি।
অন্যদিকে, ব্যানক্রফটের অভিযোগের সঙ্গে একমত নন প্যাট কামিন্স। তাঁর বক্তব্য, মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়ে বোলিং বিভাগের কেউ জানতেন—এমন দাবি সম্পূর্ণ ভুল। গত আট বছর ধরে তিনি একই কথা বলে আসছেন বলেও জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। উসমান খোয়াজার বক্তব্যেরও বিরোধিতা করেছেন কামিন্স। এদিকে, ২০২১ সালে কামিন্স, স্টার্ক, হ্যাজলউড এবং নাথান লিয়নের যৌথ বিবৃতিকে ‘যন্ত্রণাদায়ক’ বলে বর্ণনা করেছেন ব্যানক্রফট। তাঁর কলামের জবাবে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ব্যানক্রফট নিজের বক্তব্য প্রকাশ করেছেন, তা তারা সম্মান করে এবং অভিযোগগুলি খতিয়ে দেখতে সময় নেবে। ২০১৮ সালের ঘটনার সঙ্গে যুক্ত ক্রিকেটার ও কর্মীদের বক্তব্য শোনার জন্য একটি স্বাধীন মঞ্চ তৈরির কাজও চলছে। সেখানে অংশ নিতে আগ্রহী ব্যানক্রফট। তাঁর নতুন অভিযোগে আট বছর আগের বল বিকৃতি কাণ্ড ঘিরে বিতর্ক ফের সামনে এল।







