ওয়েব ডেস্ক : নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দল থেকে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) বাদ পড়া নিয়ে বিতর্কের মধ্যেই মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব (Kapil Dev)। তবে এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি তিনি। বরং দল নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাচকদের উপরেই সিদ্ধান্তের ভার ছেড়ে দিয়েছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক। তাঁর কথায়, নির্বাচকেরা ভাল কাজ করছেন। প্রত্যেককে খুশি করা সম্ভব নয়।
সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া প্রতিক্রিয়ায় কপিল দেব বলেন, সিরাজের বাদ পড়ার বিষয়ে মন্তব্য করার অধিকার তাঁর নেই। যাঁদের হাতে দল নির্বাচনের দায়িত্ব রয়েছে, তাঁদেরই এই প্রশ্নের উত্তর দেওয়া উচিত। তাঁর কথায়, “আমি কেউ নই। যাঁদের দায়িত্ব রয়েছে, তাঁদেরই জবাব দেওয়া উচিত। আমার মনে হয়, নির্বাচকেরা খুব ভাল কাজ করছেন। সবাইকে খুশি করা সম্ভব নয়।”
আরও খবর : রাহুলের ব্যাটে রেকর্ড, গিলের ৯৮! কিউয়িদের বিরুদ্ধে বড় লিড ভারতের
সিরাজের দল থেকে বাদ পড়া নিয়ে বিতর্কের সূত্রপাত কংগ্রেস সাংসদ ইমরান মাসুদের মন্তব্য ঘিরে। তাঁর অভিযোগ, ভাল পারফরম্যান্স সত্ত্বেও সিরাজকে প্রথম একাদশে রাখা হয়নি। তাঁর নামের কারণেই নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেন কংগ্রেস সাংসদ। মাসুদ বলেন, সিরাজের পারফরম্যান্স ভাল হওয়া সত্ত্বেও তাঁকে সুযোগ দেওয়া হয়নি। তাঁর নামের কারণে তাঁকে বাদ রাখা হয়ে থাকলে তা বৈষম্যেরই পরিচয়।
কংগ্রেস সাংসদের অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার প্রতিক্রিয়া দেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তাঁর বক্তব্য, দেশে কাউকে ধর্ম কিংবা জাতির ভিত্তিতে সুযোগ থেকে বঞ্চিত করা হয় না। যোগ্যতার ভিত্তিতেই সুযোগ দেওয়া হয় বলে দাবি করেন তিনি।
সিরাজকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়ে আরও বলেন কপিল দেব। তিনি বলেন, ক্রিকেটের মতো প্রতিষ্ঠিত ব্যবস্থার সিদ্ধান্তকে বাইরে থেকে সমালোচনা করা ঠিক নয়। তাঁর মতে, ভারতীয় ক্রিকেটের সামগ্রিক উন্নতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনও ক্রিকেটারকে ব্যক্তিগতভাবে পছন্দ করা বা না করার ভিত্তিতে দল নির্বাচন হওয়া উচিত নয়। নির্বাচক, ম্যানেজার এবং অধিনায়কের পরিকল্পনা অনুযায়ী দল তৈরি হওয়া প্রয়োজন।







