ওয়েব ডেস্ক : ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের (Nepal) পুনর্গঠন ও উন্নয়নে প্রায় ১৫ হাজার কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করল ভারত (India)। নেপালি মুদ্রায় এই সাহায্যের পরিমাণ ২৪ হাজার কোটি টাকা। নয়াদিল্লিতে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের (Balendra Shah) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিকাঠামো পুনর্নির্মাণ, বিপর্যস্ত জনপদগুলিকে নতুন করে গড়ে তোলা এবং ঘরবাড়ি ও জীবিকা হারানো মানুষের পাশে দাঁড়াতেই এই অর্থ সাহায্য করা হবে।
বৈঠকের পর যৌথ সাংবাদিক বিবৃতিতে মোদি জানান, ভারত ও নেপালের সম্পর্ক শুধুমাত্র প্রতিবেশীসুলভ নয়। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের আস্থা, বন্ধুত্ব এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক রয়েছে। নেপালের বন্যায় প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশও করেন তিনি। নেপালের উন্নয়নের বিষয়ে বালেন্দ্র শাহের ভাবনার প্রশংসা করে মোদি বলেন, “নেপালের মানুষের দেওয়া ঐতিহাসিক জনাদেশ আসলে সে দেশের নতুন প্রজন্মের আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন।”
আরও খবর : কলকাতা-সহ ৭ পুরসভার ভোট কি আরও পিছোবে? ওয়ার্ড বিন্যাস মামলায় বুধবার ফের শুনানি সুপ্রিম কোর্টে
নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই বালেন্দ্র শাহের প্রথম দ্বিপাক্ষিক ভারত সফর। দু’দিনের এই সফরে ভারতের আতিথেয়তার প্রশংসা করেছেন তিনি। প্রাকৃতিক বিপর্যয় ও কঠিন পরিস্থিতিতে ভারতের সহযোগিতার কথাও তুলে ধরেন শাহ। তাঁর কথায়, “নেপাল ও ভারতের সম্পর্ক হিমালয়ের মতো দৃঢ় এবং সমুদ্রের মতো বিস্তৃত।” পাশাপাশি প্রধানমন্ত্রী মোদিকে নেপাল সফরের আমন্ত্রণও জানিয়েছেন তিনি।
দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি দুই দেশের মধ্যে আটটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। সিভিল সার্ভিসের প্রশিক্ষণ, মহাকাশ গবেষণা, স্বাস্থ্য ও চিকিৎসা, নগরোন্নয়ন এবং আয়ুর্বেদ ও প্রথাগত চিকিৎসার মতো বিষয় এই চুক্তিগুলির অন্তর্ভুক্ত। দুই দেশের মধ্যে যোগাযোগ ও জ্বালানি ক্ষেত্রের একাধিক প্রকল্পেরও উদ্বোধন করা হয়েছে। নতুন কিছু উদ্যোগের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন দুই প্রধানমন্ত্রী। ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতির প্রসঙ্গ তুলে মোদি জানান, জ্বালানি সরবরাহের ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও নেপালে জ্বালানি, সার এবং প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বজায় রেখেছে নয়াদিল্লি।







