HomeScrollঘরের ভিতরেই সবচেয়ে বেশি বিপদ! ২০২৫ সালে সঙ্গী বা আত্মীয়ের হাতে প্রতি...
Femicide Report 2026

ঘরের ভিতরেই সবচেয়ে বেশি বিপদ! ২০২৫ সালে সঙ্গী বা আত্মীয়ের হাতে প্রতি ঘণ্টায় খুন ৫ মহিলা, রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে উদ্বেগ

নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক জায়গা কি তাঁদের নিজের ঘরই? রাষ্ট্রপুঞ্জের সাম্প্রতিক রিপোর্টে উঠে এল এমনই উদ্বেগজনক পরিসংখ্যান। ২০২৫ সালে বিশ্বজুড়ে প্রায় ৪৭ হাজার মহিলা ও কন্যাশিশুকে তাঁদের ঘনিষ্ঠ সঙ্গী অথবা পরিবারের সদস্যরা হত্যা করেছেন। অর্থাৎ, গড়ে প্রতি ঘণ্টায় পাঁচজন এবং প্রতিদিন প্রায় ১২৯ জন মহিলা ও কন্যাশিশুর মৃত্যু হয়েছে পরিচিত মানুষের হাতে। ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসের আগে প্রকাশিত রাষ্ট্রপুঞ্জের এই রিপোর্ট নতুন করে প্রশ্ন তুলেছে মহিলাদের নিরাপত্তা নিয়ে।

 

রাষ্ট্রপুঞ্জের মাদক ও অপরাধ সংক্রান্ত দফতর (ইউএনওডিসি) এবং ইউএন উইমেনের যৌথ রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বজুড়ে প্রায় ৭৮ হাজার মহিলা ও কন্যাশিশু ইচ্ছাকৃত হত্যার শিকার হয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৬০ শতাংশের মৃত্যুর জন্য দায়ী ঘনিষ্ঠ সঙ্গী অথবা পরিবারের সদস্যরা। অর্থাৎ, বাইরে নয়, অনেক ক্ষেত্রেই পরিচিত মানুষের সঙ্গেই সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে মহিলাদের।

 

পরিসংখ্যান বলছে, এই ধরনের হত্যার ক্ষেত্রে আফ্রিকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল। সেখানে প্রায় ২২ হাজার ১০০ জন মহিলা ও কন্যাশিশু প্রাণ হারিয়েছেন। এশিয়ায় এই সংখ্যা প্রায় ১৫ হাজার ১০০। আমেরিকায় ৭ হাজার ৪০০, ইউরোপে ২ হাজার ১০০ এবং ওশেনিয়ায় প্রায় ৩০০ জন।

 

রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে এই ধরনের হত্যার আনুমানিক সংখ্যা ছিল ৫০ হাজার। ২০২৫ সালে তা কমে ৪৭ হাজার হলেও একে প্রকৃত উন্নতি বলে মনে করছে না রাষ্ট্রপুঞ্জ। বরং বিভিন্ন দেশে তথ্য সংগ্রহ ও পরিসংখ্যানের উন্নতির কারণেই এই পার্থক্য তৈরি হয়েছে।

 

রাষ্ট্রপুঞ্জের মতে, মহিলাদের উপর হিংসা অনেক সময় দীর্ঘদিনের নির্যাতন, হুমকি ও নিপীড়নের পরিণতি। তাই অপরাধ ঘটার আগেই সতর্কতামূলক ব্যবস্থা, নিরাপত্তা এবং আইনি সুরক্ষা নিশ্চিত করা জরুরি।

[youtube-feed feed=1]
Read More

Latest News