HomeScrollমহিলা সংরক্ষণ বিল আটকে বিরোধীদের বিরুদ্ধে তোপ মোদির! ‘নারীশক্তিকে ন্যায়বিচার দেওয়া আটকাতে...
PM Narendra Modi

মহিলা সংরক্ষণ বিল আটকে বিরোধীদের বিরুদ্ধে তোপ মোদির! ‘নারীশক্তিকে ন্যায়বিচার দেওয়া আটকাতে পারবে না কেউ’

সংসদে ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাশ না হওয়াকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক সংঘাত। কংগ্রেসের নাম না করেই বিরোধীদের সাংবিধানিক দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ওয়েব ডেস্ক : সংসদে মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিলের পরাজয় নিয়ে বিরোধীদের বিরুদ্ধে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বৃহস্পতিবার প্রকাশিত এক নিবন্ধে তাঁর অভিযোগ, বিরোধীদের বাধার কারণেই আইনসভায় মহিলাদের ৩৩ শতাংশ আসন সংরক্ষণের উদ্যোগ বাস্তবায়িত হয়নি। কংগ্রেসের নাম সরাসরি উল্লেখ না করলেও প্রধান বিরোধী দলকে নিশানা করে মোদি বলেন, সাংবিধানিক মূল্যবোধের প্রতি তাদের মনোভাব অত্যন্ত হতাশাজনক। একইসঙ্গে দেশের নারীশক্তিকে আশ্বস্ত করে তাঁর বার্তা, মহিলাদের ন্যায়বিচার ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার পথে কোনও শক্তিই বাধা হয়ে দাঁড়াতে পারবে না।

প্রধানমন্ত্রী বলেন, ভারতের সংবিধান রচনার ইতিহাসে মহিলাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবিধান প্রণয়নের কাজে যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁদের অবদান যথাযথভাবে স্বীকার না করলে দেশের সাংবিধানিক যাত্রা অসম্পূর্ণ থেকে যাবে। অথচ আইনসভায় মহিলাদের পর্যাপ্ত প্রতিনিধিত্ব নিশ্চিত করার উদ্যোগ সংসদে আটকে গিয়েছে। বিরোধীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। মোদির অভিযোগ, গণতন্ত্রে বিরোধী দলের দায়িত্ব সরকারের নীতির সমালোচনা করা। কিন্তু কংগ্রেস এখন বিরোধী পক্ষের পরিবর্তে বাধাদানকারী পক্ষ হিসেবে কাজ করছে। তাঁর কথায়, গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করা কখনও সাংবিধানিক দায়িত্ব পালনের বিকল্প হতে পারে না।

আরও খবর :  নিখোঁজ ৩০ জন কাশ্মীরের বাসিন্দা, এখন পাকিস্তানের হিজবুল শিবিরে জোগাচ্ছে আগ্নেয়াস্ত্র, কার্তুজ, টাকা!

উল্লেখ্য, সংবিধানের ১৩১তম সংশোধনী বিলের মাধ্যমে লোকসভার আসনসংখ্যা বর্তমান ৫৪৩ থেকে সর্বোচ্চ ৮৫০ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছিল। আসন পুনর্বিন্যাসের সঙ্গে যুক্ত এই বিলের লক্ষ্য ছিল ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের পথ তৈরি করা। তবে বিলটি পাশ করাতে লোকসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন ছিল। গত এপ্রিল মাসে প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় বিলটি পরাজিত হয়। মোদি আরও অভিযোগ করেছেন, বিরোধীদের বৃহত্তম দল অন্যান্য অনগ্রসর শ্রেণির সংরক্ষণ কমিয়ে মুসলিমদের জন্য সংরক্ষণের প্রস্তাব দিতে চাইছে। তাঁর দাবি, এই ধরনের উদ্যোগ সংবিধান প্রণেতাদের ভাবনার পরিপন্থী। বিশেষ করে বাবাসাহেব বি আর আম্বেদকরের সাংবিধানিক দর্শনের সঙ্গে তা সামঞ্জস্যপূর্ণ নয়।

নিবন্ধে নকশালবাদ দমনের প্রসঙ্গও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, চলতি বছরে নকশালবাদের অবসান ঘটানোর ফলে আদিবাসী অধ্যুষিত এলাকার দরিদ্র মানুষ এখন ভয়মুক্তভাবে নিজেদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারছেন। দীর্ঘদিন ধরে নকশাল হিংসার ভয়ে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি ‘দিমাগি নকশাল’ শব্দবন্ধ ব্যবহার করে উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার অভিযোগে একাংশকে নিশানা করেছেন মোদি। তাঁর বক্তব্য, দেশের উন্নয়নের গতি থামানোর চেষ্টা এখনও চলছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News