ওয়েব ডেস্ক : পেশাদার ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন প্রাক্তন তামিলনাড়ু অধিনায়ক বাবা অপরাজিত (Baba Aparajith)। ৩২ বছর বয়সে ১৫ বছরের ক্রিকেটজীবনে ইতি টানলেন তিনি। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেটে একাধিক সাফল্য—দীর্ঘ এই সফরে নিজের দক্ষতার ছাপ রেখেছেন অপরাজিত। এবার তাঁর লক্ষ্য কোচিং পেশায় নতুন কেরিয়ার গড়ে তোলা। পাশাপাশি তামিল ভাষায় ক্রিকেট সম্প্রচারের কাজেও যুক্ত রয়েছেন তিনি।
২০১২ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য হিসেবে প্রথম বড় পরিচিতি পান অপরাজিত। সেই প্রতিযোগিতায় ব্যাট হাতে ১৭১ রান করার পাশাপাশি অফ স্পিনে নেন পাঁচটি উইকেট। পাকিস্তানের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন তিনি। পরবর্তীতে ২০১৫ সালে ভারত এ দলেও সুযোগ পান। আইপিএলে চেন্নাই সুপার কিংস এবং রাইজিং পুণে সুপারজায়ান্টসের সঙ্গে যুক্ত থাকলেও সেখানে নিয়মিত খেলার সুযোগ পাননি।
আরও খবর : ১৪৯ বছরের টেস্ট ক্রিকেটে বিরল কীর্তি এই ক্রিকেটারের
ঘরোয়া ক্রিকেটে তামিলনাড়ুর হয়ে দীর্ঘদিন খেলেছেন অপরাজিত। ২০২৪-২৫ মরশুমে পেশাদার ক্রিকেটার হিসেবে যোগ দেন কেরল দলে। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ম্যাচের সংখ্যা ১০২। সব ধরনের ক্রিকেট মিলিয়ে করেছেন ২০টি শতরান। তামিলনাড়ুর তিনটি শিরোপাজয়ী দলের সদস্যও ছিলেন তিনি। ২০১৭-১৮ মরশুমে বিজয় হাজারে ট্রফি এবং ২০২০-২১ ও ২০২১-২২ মরশুমে সৈয়দ মুস্তাক আলি ট্রফি জেতে তামিলনাড়ু। প্রতিটি সাফল্যেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন অপরাজিত।
খেলা ছাড়ার আগেই কোচিংয়ের প্রস্তুতি শুরু করেছেন তিনি। তামিলনাড়ুর তরুণ ক্রিকেটার বিমল কুমার এবং প্রদোষ রঞ্জন পলের মতো খেলোয়াড়দের ব্যক্তিগতভাবে প্রশিক্ষণ দিয়েছেন। বিসিসিআইয়ের লেভেল-২ কোচিং শংসাপত্রও রয়েছে তাঁর। ২০২৬ সালের তামিলনাড়ু প্রিমিয়ার লিগে না খেলে চেপক সুপার গিলিজের সহকারী কোচের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্তও সেই নতুন লক্ষ্যেরই ইঙ্গিত। ক্রিকেটার হিসেবে দীর্ঘ অধ্যায়ের পর এবার কোচ হিসেবে নতুন প্রজন্মকে তৈরি করতে চান অপরাজিত।







