ওয়েব ডেস্ক : প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) ব্যবহৃত দিল্লির সরকারি বাসভবন ঘিরে ফের রাজনৈতিক সংঘাত। শুক্রবার সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ওই বাংলো ঘুরিয়ে দেখায় দিল্লির বিজেপি সরকার। বিজেপির দেওয়া নাম ‘শিশমহল’ (Sheesh Mahal) নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। এবার বাংলোর বিভিন্ন আসবাব ও বিলাসবহুল সামগ্রীর পাশে দাম উল্লেখ করে সেগুলি সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়। প্রদর্শিত সামগ্রীর মধ্যে ছিল ৩০ লক্ষ টাকার টিভি ইউনিট, ১১.৫৬ লক্ষ টাকার ঝাড়বাতি, ৬.৭১ লক্ষ টাকার মন্দির এবং ৫.৪৭ লক্ষ টাকার দু’জনের বসার সোফা।
দিল্লির পূর্তমন্ত্রী প্রবেশ ভার্মার দাবি, সরকারি অর্থ কীভাবে খরচ হয়েছে, তা সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই এই উদ্যোগ। তাঁর অভিযোগ, একসময় সরকারি গাড়ি ও বাংলো ব্যবহার না করার কথা বললেও মুখ্যমন্ত্রী থাকাকালীন কেজরিওয়াল সরকারি বাসভবনের পিছনে বিপুল অর্থ ব্যয় করেছেন। ৬ নম্বর ফ্ল্যাগস্টাফ রোডের এই বাড়ি তৈরিতে মোট ৫৬ কোটি টাকা খরচ হয়েছে বলেও দাবি করেন তিনি। ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে নতুন দিল্লি কেন্দ্র থেকে কেজরিওয়ালকে হারিয়েছিলেন প্রবেশ ভার্মা। তাঁর আরও অভিযোগ, করোনা অতিমারির সময় মানুষের জীবন বিপন্ন থাকলেও এই বাংলোর বিলাসবহুল সংস্কারের কাজ চলেছিল।
আরও খবর : শীতকালীন অধিবেশনের আগেই লোকসভা ও রাজ্যসভায় বিশেষ অধিবেশন ডাকল কেন্দ্র
সাংবাদিকদের ঘোরানোর সময় একটি বিশেষ ঘরও দেখান প্রবেশ ভার্মা। তাঁর দাবি, সেখান থেকেই ফেসবুক লাইভ করে সাধারণ মানুষের সামনে নিজের সাধারণ জীবনযাপনের ছবি তুলে ধরতেন কেজরিওয়াল। ঘরে থাকা ছেঁড়া আসনের একটি কাঠের চেয়ার দেখিয়ে তিনি বিষয়টি তুলে ধরেন। পূর্ত দফতরের রক্ষণাবেক্ষণে থাকা এই বাংলোয় রয়েছে আটটি শোওয়ার ঘর, ১২টি শৌচাগার, জাকুজি বাথ, স্পা এবং পাঁচটি ওএলইডি টিভি। সরকারি সূত্রে জানানো হয়েছে, সাধারণ মানুষের আগ্রহ ও চাহিদা বিবেচনা করে ভবিষ্যতে বাংলোটি পর্যটকদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তবে বিজেপির এই উদ্যোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে পালটা আক্রমণ করেছে আম আদমি পার্টি। দলের দিল্লি শাখার সভাপতি সৌরভ ভরদ্বাজের অভিযোগ, যমুনা নদীর দূষণ নিয়ে প্রশ্ন এড়াতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তাঁর বক্তব্য, নদীতে বিপুল সংখ্যায় মাছের মৃত্যুর কারণ কী, তার জবাব দিতে হবে সরকারকে। অন্যদিকে, বিধানসভায় পেশ হওয়া নিয়ন্ত্রক ও মহাহিসাব পরীক্ষকের রিপোর্টে কেজরিওয়ালের তৎকালীন বাসভবনের সংস্কার নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, সংস্কারের জন্য ৩৩.৬৬ কোটি টাকা খরচ হয়েছিল, যা প্রাথমিক অনুমানের তুলনায় ৩৪২ শতাংশ বেশি। এর মধ্যে ১৮.৮৮ কোটি টাকা উন্নত মানের সামগ্রী, শৈল্পিক উপকরণ এবং সাজসজ্জার জিনিসপত্রে ব্যয় হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে। অতিরিক্ত আবাসন এবং ক্যাম্প অফিস ও কর্মীদের ভবনে পরিবর্তন নিয়েও রিপোর্টে অনিয়মের কথা উঠে এসেছে।







