HomeScroll৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা, নতুন সূচি ঘোষণা নির্বাচন কমিশনের
West Bengal Voter List 2027

৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা, নতুন সূচি ঘোষণা নির্বাচন কমিশনের

১৫ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া তালিকা, ১৮ বছর পূর্ণ হওয়া নাগরিকদের নাম তোলার সুযোগ; জানাল নির্বাচন কমিশন

ওয়েব ডেস্ক : ২০২৭ সালের ভোটার তালিকা (Voter list) সংশোধনের জন্য নতুন সময়সূচি ঘোষণা করল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। শুক্রবার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তার আগে ১৫ ডিসেম্বর প্রকাশিত হবে সংযুক্ত খসড়া তালিকা। তালিকায় নাম না থাকা নাগরিক এবং ২০২৭ সালের ১ জানুয়ারির মধ্যে ১৮ বছর পূর্ণ করতে চলা তরুণ-তরুণীদের নাম নথিভুক্ত করার জন্য আবেদন জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, ১৫ ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি ২০২৭ পর্যন্ত ভোটার তালিকা নিয়ে দাবি ও আপত্তি জমা দেওয়া যাবে। এই সময়ের মধ্যে নাম সংযোজন, বাদ পড়া নামের বিষয়ে অভিযোগ এবং তালিকায় থাকা তথ্য সংশোধনের আবেদন করা যাবে। জমা পড়া সমস্ত দাবি ও আপত্তির নিষ্পত্তি ১ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। ভোটকেন্দ্রগুলির পুনর্বিন্যাস ও যৌক্তিকীকরণের কাজ ৩ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার কথা জানানো হয়েছে।

আরও খবর :  স্কুলে এবার পড়ুয়াদেরও বায়োমেট্রিক হাজিরা! ২ জানুয়ারি থেকে নতুন নিয়ম, ডিসেম্বরেই শুরু পাইলট প্রজেক্ট

ভোটারদের সহায়তার জন্য একাধিক বিশেষ প্রচার শিবিরের দিনও ঘোষণা করা হয়েছে। ডিসেম্বরের ১৯, ২০, ২৬ ও ২৭ তারিখ এবং জানুয়ারির ২, ৩, ৯ ও ১০ তারিখ নির্দিষ্ট বুথে উপস্থিত থাকবেন বুথ লেভেল অফিসাররা। নাম তোলা, তথ্য সংশোধন কিংবা ভোটার তালিকা সংক্রান্ত দাবি ও আপত্তি জানানোর ক্ষেত্রে তাঁরা সাহায্য করবেন। তাই খসড়া তালিকা প্রকাশের পর নিজের নাম ও অন্যান্য তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রথমে ২৩ নভেম্বর থেকে এই সংশোধন প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা পিছিয়ে যায়। নতুন সূচি অনুযায়ী এবার শুরু হবে বিশেষ সংক্ষিপ্ত সংশোধন প্রক্রিয়া। এই পদ্ধতিতে বিদ্যমান ভোটার তালিকার তথ্য যাচাই ও সংশোধন করা হয়। অন্যদিকে, বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় নতুন করে বিস্তারিত সমীক্ষার মাধ্যমে ভোটার তালিকা তৈরির কাজ করা হয়। দুই প্রক্রিয়ার পার্থক্য মাথায় রেখে ভোটারদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় আবেদন জমা দেওয়ার পরামর্শ দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

[youtube-feed feed=1]
Read More

Latest News