HomeScrollজিরামজির অস্থায়ী কর্মীদের বেতন বাড়াল রাজ্য, মাসে মিলবে সর্বোচ্চ ৮ হাজার টাকা!...
VB-G RAM G

জিরামজির অস্থায়ী কর্মীদের বেতন বাড়াল রাজ্য, মাসে মিলবে সর্বোচ্চ ৮ হাজার টাকা! ৬০ বছর পর্যন্ত কাজের সুযোগও

মাসে সর্বোচ্চ ৮ হাজার টাকা পারিশ্রমিক বৃদ্ধি, বছরে ৩ শতাংশ ইনক্রিমেন্ট-সহ একাধিক সুবিধা; নতুন নিয়ম চালু ১ নভেম্বর থেকে

ওয়েব ডেস্ক : জিরামজি (VB-G RAM G) প্রকল্পে কর্মরত অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একগুচ্ছ নতুন সুবিধা ঘোষণা করল রাজ্য সরকার (West Bengal Government)। বাড়ানো হল মাসিক পারিশ্রমিক। পাশাপাশি নির্দিষ্ট শর্ত পূরণ করলে ৬০ বছর বয়স পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার সুযোগও পাবেন যোগ্য কর্মীরা। ছুটির ক্ষেত্রেও মিলছে বাড়তি সুবিধা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নতুন নিয়ম কার্যকর হয়েছে ২০২৬ সালের ১ নভেম্বর থেকে। কর্মীদের বর্তমান বেতন এবং চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে মাসে ৬ হাজার থেকে ৮ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক বাড়ানো হয়েছে।

বেতন বৃদ্ধির ক্ষেত্রে কর্মীদের দুটি ভাগে ভাগ করা হয়েছে। যাঁদের বর্তমান মাসিক পারিশ্রমিক ২৫ হাজার টাকা পর্যন্ত, তাঁদের ১০ বছরের কম অভিজ্ঞতা থাকলে মাসে ৬ হাজার টাকা এবং ১০ বছর বা তার বেশি অভিজ্ঞতা থাকলে ৭ হাজার টাকা বাড়বে। অন্যদিকে, যাঁদের মাসিক পারিশ্রমিক ২৫ হাজার টাকার বেশি, কিন্তু ৪৫ হাজার টাকার মধ্যে, তাঁদের ক্ষেত্রে ১০ বছরের কম অভিজ্ঞতায় ৭ হাজার এবং ১০ বছর বা তার বেশি অভিজ্ঞতায় ৮ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। ফলে অভিজ্ঞ কর্মীদের পাশাপাশি তুলনামূলক কম বেতন পাওয়া কর্মীরাও বাড়তি আর্থিক সুবিধা পাবেন।

আরও খবর :  ৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা, নতুন সূচি ঘোষণা নির্বাচন কমিশনের

শুধু মাসিক পারিশ্রমিক বৃদ্ধিই নয়, থাকছে নিয়মিত ইনক্রিমেন্টের ব্যবস্থাও। ২০২৭ সালের ১ জুলাই থেকে প্রতি বছর একই দিনে কর্মীদের মাসিক পারিশ্রমিক ৩ শতাংশ করে বাড়বে। অন্তত ১০ বছর সন্তোষজনকভাবে কাজ করেছেন এমন কর্মীরা নির্দিষ্ট শর্তে ৬০ বছর বয়স পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন। তবে এর জন্য প্রকল্পে পর্যাপ্ত কাজ থাকতে হবে এবং সংশ্লিষ্ট কর্মীর কাজ সন্তোষজনক হতে হবে। আগের নিয়ম মেনেই প্রতি বছর চুক্তি নবীকরণ করা হবে।

ছুটির ক্ষেত্রেও কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। যোগ্য কর্মীরা বছরে ৩০ দিন সাধারণ ছুটি এবং ১০ দিন চিকিৎসাজনিত ছুটি পাবেন। মহিলা কর্মীদের জন্য থাকছে ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি। এছাড়া অন্যান্য ক্ষেত্রে ৪২ দিনের ছুটির ব্যবস্থাও রাখা হয়েছে। তবে প্রকল্পের সব চুক্তিভিত্তিক কর্মী এই সুবিধার আওতায় আসছেন না। চুক্তিভিত্তিক সাব-অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা এই সুবিধা পাবেন না। যোগ্য কর্মীদের কাছে দ্রুত নতুন সুবিধা পৌঁছে দিতে জেলাশাসকদের প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News