ওয়েব ডেস্ক : সংসদের বিশেষ অধিবেশনে নিজেদের পছন্দমতো ভোট দিতে পারবেন তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়া ২০ জন সাংসদ। তাঁদের বিরুদ্ধে দলত্যাগের অভিযোগে অযোগ্য ঘোষণার প্রক্রিয়া চললেও, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তাই আপাতত সংসদে অংশ নেওয়া বা ভোটদানের অধিকার থেকে তাঁদের বঞ্চিত করা যাবে না। লোকসভা সচিবালয়ের সূত্রে এমনটাই জানা গিয়েছে।
সোমবার থেকে শুরু হতে চলেছে সংসদের বিশেষ অধিবেশন। সেখানে কেন্দ্রের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল নিয়ে আলোচনা ও ভোটাভুটি হতে পারে। এই পরিস্থিতিতে ২০ বিদ্রোহী সাংসদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাঁরা শাসক এনডিএ-র পাশে থাকায় বিল পাশের অঙ্কেও তাঁদের ভূমিকা তাৎপর্যপূর্ণ হতে পারে।
আরও খবর : জোড়াফুল প্রতীক কার? দিল্লিতে নির্বাচন কমিশনে শুনানি শুরু
এই সাংসদদের ভোটাধিকার নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। তাঁর বক্তব্য, ছ’মাস আগে তাঁদের বিরুদ্ধে অযোগ্য ঘোষণার আবেদন জমা পড়লেও এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। এই অবস্থায় বিশেষ অধিবেশনে তাঁরা ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। লোকসভা সচিবালয়ের সূত্রে খবর, অযোগ্য ঘোষণা না হওয়া পর্যন্ত সাংসদদের অধিকার বহাল থাকে। শুধু আবেদন জমা পড়েছে বলেই তাঁদের ভোটদানের ক্ষমতা স্থগিত হয়ে যায় না।
উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে ২০ জন সাংসদ তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেন। পরে তাঁরা এনডিএ-কে সমর্থনের কথা জানান। সংসদে তৃণমূল সাংসদদের থেকে আলাদা আসনের দাবিও জানিয়েছিলেন তাঁরা। লোকসভার স্পিকার সেই আবেদন মঞ্জুর করেন। এরপর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে অযোগ্য ঘোষণার আবেদন জমা দেন।
গত ২৬ অগস্ট লোকসভা সচিবালয় ওই সাংসদদের নোটিস পাঠায়। একাধিকবার সময়সীমা বাড়ানোর পর ২৪ নভেম্বর নিজেদের লিখিত জবাব জমা দিয়েছেন তাঁরা। এবার সেই জবাব খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন স্পিকার। অন্যদিকে, অযোগ্য ঘোষণার প্রক্রিয়া দ্রুত শেষ করার দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল।







